ছবি: সিলেট ভিউ গ্রাফিক্স ও এআই।
কোন দিকে যাচ্ছে সিলেট? অভিযান চলছে, জরিমানা করা হচ্ছে। দেওয়া হচ্ছে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড। তবুও থামছে না অপরাধ। বন্ধ হচ্ছে না ভেজাল এবং অনিয়ম। চারদিকে যেন অপরাধের অভয়ারণ্যে পরিণত হচ্ছে সিলেট। খাবার থেকে নিত্যপ্রয়োজনীয় পণ্য—কোথাও যেন স্বস্তি নেই।
প্রশ্ন একটাই, এভাবে আর কত দিন? ভেজাল, প্রতারণা ও অনিয়মের এই দৌরাত্ম্য কবে বন্ধ হবে? এসব নিয়ে সিলেটের সচেতন মানুষের মধ্যে বাড়ছে উদ্বেগ ও ক্ষোভ। শুধু অভিযান আর জরিমানা নয়, অপরাধের মূল হোতাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা চান নগরবাসী।
এর বাস্তব চিত্র পাওয়া যাচ্ছে সিলেট জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযানের পরিসংখ্যানে। গত অক্টোবর মাসে জেলায় ৬২৬টি অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। এসব অভিযানে ৬২৬টি মামলা করা হয়েছে। জরিমানা আদায় করা হয়েছে ৩৪ লাখ ২৭ হাজার ৮ টাকা। এ ছাড়া বিভিন্ন অপরাধে ২২২ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
সূত্রের তথ্য অনুযায়ী, অক্টোবর মাসে জেলার বিভিন্ন স্থানে এসব অভিযান পরিচালিত হয়। আইনশৃঙ্খলা রক্ষা, বাজার মনিটরিং ও জননিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন আইনে অভিযান চালানো হয়।
প্রকাশিত পরিসংখ্যানের বিস্তারিত অংশে ১৪৬টি মোবাইল কোর্ট ও ৪৬৪টি মামলার তথ্য তুলে ধরা হয়েছে। এতে জরিমানা আদায়ের পরিমাণ দেখানো হয়েছে ২৮ লাখ ৪৭ হাজার ৩৭০ টাকা। কারাদণ্ড দেওয়া হয়েছে ৮৮ জনকে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৩টি অভিযানে ৬৯টি মামলা করা হয়েছে। এসব মামলায় ৫৬ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। কারাদণ্ড দেওয়া হয়েছে ৬৯ জনকে।
দণ্ডবিধি, ১৮৬০-এর আওতায় ৩৬টি অভিযানে ১৪১টি মামলা হয়েছে। জরিমানা আদায় হয়েছে ২ লাখ ৩৩ হাজার ৫৭০ টাকা। কারাদণ্ড দেওয়া হয়েছে ১৪ জনকে।
স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইনে ২৯টি অভিযানে ১১০টি মামলায় ১ লাখ ৯৮ হাজার ৭৫৫ টাকা জরিমানা করা হয়েছে। সড়ক পরিবহন আইনে ১৭টি অভিযানে ৪৬টি মামলায় জরিমানা আদায় হয়েছে ৭৫ হাজার ৭০০ টাকা।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৪৪টি অভিযানে ৩২টি মামলায় ৫০ হাজার ৭৫০ টাকা জরিমানা করা হয়েছে। মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে একটি অভিযানে চারটি মামলায় জরিমানা করা হয়েছে ১ লাখ ১৪ হাজার ৫০০ টাকা।
ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইনে পাঁচটি অভিযানে ১০টি মামলায় ৮২ হাজার টাকা জরিমানা আদায় হয়েছে। ওষুধ ও কসমেটিকস আইনে চারটি অভিযানে আটটি মামলায় ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
পরিবেশ সংরক্ষণ আইনে একটি অভিযানে একটি মামলায় ৮০ হাজার টাকা জরিমানা আদায় হয়েছে। সংক্রামক রোগ ও মহামারি সংক্রান্ত আইনে ১০টি অভিযানে ১৭টি মামলা করা হয়েছে। এসব মামলায় ৮০ হাজার টাকা জরিমানা এবং পাঁচজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।
অন্যদিকে, মেডিকেল প্র্যাকটিস ও বেসরকারি ক্লিনিক নিয়ন্ত্রণ আইনে দুটি অভিযানে দুটি মামলায় ৬৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। ওজন ও পরিমাপ মানদণ্ড আইনে একটি অভিযানে দুটি মামলায় ২৭ হাজার টাকা জরিমানা আদায় হয়েছে।
বাংলাদেশ হোটেল ও রেস্তোরাঁ আইনে একটি অভিযানে একটি মামলায় ১২ হাজার টাকা এবং কৃষি বিপণন আইনে একটি অভিযানে একটি মামলায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জনস্বার্থ রক্ষা ও অপরাধ দমনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সিলেট জেলা প্রশাসন। তবে একের পর এক অভিযান, মামলা ও জরিমানার পরও অপরাধ নিয়ন্ত্রণে কতটা অগ্রগতি হচ্ছে, সেই প্রশ্ন থেকেই যাচ্ছে।
সিলেটভিউ২৪ডটকম/ মআস-০৮




