ছবি: সিলেট ভিউ গ্রাফিক্স ও এআই।
দীর্ঘদিনের যোগাযোগ ও অবকাঠামোগত পিছিয়ে পড়া অবস্থা কাটিয়ে উন্নয়নের নতুন সম্ভাবনার দুয়ার খুলছে সিলেটে। সিলেটের বিভিন্ন উন্নয়ন ও অবকাঠামোর আওতাধীন একাধিক প্রকল্প অনুমোদন দিয়েছে সরকার। আর এই প্রকল্পে সিলেটবাসীর দুঃখ-দুর্দশার অবসানে সিলেটের দুই মন্ত্রী একাধিক সুখবর দিলেন। বাণিজ্য, শিল্প এবং পাট ও বস্ত্রমন্ত্রী এবং সিলেট-১ আসনের এমপি খন্দকার আব্দুল মুক্তাদির, শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী এবং সিলেট-৪ আসনের এমপি আরিফুল হক চৌধুরী মিলে সিলেটবাসীর জন্য ৫ হাজার ৫২৯ কোটি ১০ লাখ টাকার বিভিন্ন প্রকল্পের অনুমোদন পেয়েছেন।
এর মধ্যে, সিলেট-১ আসনে সুরমা নদীর ওপর ধনপুর সেতু নির্মাণ ও সিলেট-ঢাকা রুটে নতুন ট্রেন চালু অন্যদিকে সিলেট-৪ আসনের দুই উপজেলায় ১১টি সেতু নির্মাণ। এই প্রকল্পগুলো বাস্তবায়িত হলে সিলেট বিভাগের গ্রামীণ সড়ক ও অবকাঠামোগত দীর্ঘদিনের পিছিয়ে থাকা অবস্থার তাৎপর্যপূর্ণ উন্নতি ঘটবে।
বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে শুরু হওয়া জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেট বিভাগের গ্রামীণ রাস্তাঘাট উন্নয়নের জন্য ৫ হাজার ৫২৯ কোটি ১০ লাখ টাকার বৃহৎ প্রকল্পের সদয় অনুমোদন দিয়েছেন।
সিলেট বিভাগের যোগাযোগ ও অবকাঠামোগত উন্নয়নে একগুচ্ছ দারুণ সুখবর দিয়ে বুধবার (১৮ নভেম্বর) দুপুরে সিলেটবাসীর উদ্দেশে এক ভিডিও বার্তায় বাণিজ্য, শিল্প এবং পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ‘জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেট বিভাগের গ্রামীণ রাস্তাঘাট উন্নয়নের জন্য ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্পের সদয় অনুমোদন দিয়েছেন। এই প্রকল্প বাস্তবায়িত হলে সিলেট বিভাগের গ্রামীণ সড়ক ও অবকাঠামোগত দীর্ঘদিনের পিছিয়ে থাকা অবস্থার তাৎপর্যপূর্ণ উন্নতি ঘটবে। পাশাপাশি এই বিভাগের সব সংসদ সদস্যের দেওয়া নির্বাচনী প্রতিশ্রুতিও পূরণ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।’
একই বার্তায় সিলেট-১ নির্বাচনী এলাকার বাসিন্দাদের জন্য বিশেষ সুখবর দিয়ে খন্দকার আব্দুল মুক্তাদির জানান, সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নে আরেকটি প্রকল্পের আওতায় সুরমা নদীর ওপর 'ধনপুর ব্রিজ' নামে একটি নতুন সেতু নির্মিত হতে যাচ্ছে। এই সেতুটি নির্মিত হলে স্থানীয় জনগণের যাতায়াত ও ব্যবসা-বাণিজ্যে নতুন গতির সঞ্চার হবে।
এছাড়া সিলেট বিভাগের রেল যোগাযোগ আধুনিকায়নের বিষয়ে মন্ত্রী বলেন, রেল মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রীর সঙ্গে তাঁর ফলপ্রসূ আলোচনা হয়েছে। এরই ধারাবাহিকতায় আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যেই সিলেট-ঢাকা রুটে একটি নতুন ট্রেন যাত্রা শুরু করবে। বক্তব্যের শেষে তিনি এই সমস্ত উন্নয়ন কর্মকাণ্ড দ্রুত ও সফলভাবে বাস্তবায়নে সিলেটবাসীসহ সকলের আন্তরিক দোয়া ও সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, সিলেটবাসীর জন্য ৩টি সুসংবাদ শীর্ষক ফেসবুক স্ট্যাটাসে সিলেট-১ আসনের সাংসদ খন্দকার আব্দুল মুক্তাদির অপর যে দুটি প্রকল্পের কথা উল্লেখ করেছেন সেগুলো হল, ২০২৭ সালের মধ্যে সিলেট-ঢাকা রুটে নতুন ট্রেন এবং সিলেট সদরের কান্দিগাঁও ইউনিয়নে সুরমা নদীর উপর নতুন সেতু নির্মাণ।
অন্যদিকে আরেকটি বার্তায় আরেকটি সুখবর দিলেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী এবং সিলেট-৪ আসনের এমপি আরিফুল হক চৌধুরী। তিনি জানান, ‘সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প’-এর আওতায় সিলেটের এই তিন উপজেলার জন্য সর্বমোট ৪২৩ কোটি ১০ লাখ (৪২৩.১ কোটি) টাকার প্রকল্প একনেকে অনুমোদিত হয়েছে। এর মধ্যে গোয়াইনঘাট উপজেলায় ১৩৯.৫০ কোটি টাকা, কোম্পানীগঞ্জ উপজেলায় ১৫০.৭৫ কোটি টাকা এবং জৈন্তাপুর উপজেলায় ১৩২.৮৫ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। একনেক সভায় ‘উপজেলা, ইউনিয়ন ও গ্রাম সড়কে সেতু নির্মাণ প্রকল্প’-এর অধীনে সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ৮টি এবং কোম্পানীগঞ্জ উপজেলায় ৩টিসহ মোট ১১টি সেতু নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে। সিলেটের অবকাঠামো উন্নয়নে এই বিশাল বরাদ্দ অনুমোদনের জন্য মন্ত্রী আরিফুল হক চৌধুরী সিলেটবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বার্তায় মন্ত্রী আরও উল্লেখ করেন, ‘জৈন্তাপুর, কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলায় সিলেট বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ প্রকল্প’-এর অধীনে আরও ৫২০ কোটি টাকা বরাদ্দের কাজ বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি ‘সিলেট জেলাধীন গোয়াইনঘাট, জৈন্তাপুর, কোম্পানীগঞ্জ উপজেলায় পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প’-এর অধীনে ইতিমধ্যে সর্বমোট ৪৯.৮২ কোটি টাকার সরকারি আদেশ (জিও) জারি হয়েছে। তাছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমান এর বরাদ্দ থেকে সিলেট-৪ আসনে ৫০ কোটি টাকার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন সংক্রান্ত প্রকল্প প্রক্রিয়াধীন।
সিলেট-৪ আসনের সংসদ সদস্য আরিফুল হক চৌধুরীর উদ্যোগ ও প্রচেষ্টায় এসব উন্নয়ন প্রকল্প অনুমোদন পাওয়ায় গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ ও জৈন্তাপুরের মানুষের মধ্যে আশার সঞ্চার হয়েছে। বিশেষ করে পর্যটন, কৃষি, ব্যবসা-বাণিজ্য ও গ্রামীণ অর্থনীতির বিকাশে এসব প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করছেন স্থানীয়রা।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় সচিবালয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) এই গুরুত্বপূর্ণ বৈঠক শুরু হয় এবং দুপুর সোয়া ১টায় তা শেষ হয়।
সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া-১০




