ছবি: সংগৃহিত

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে রাজধানী ঢাকা ও সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলে সকাল থেকে বৃষ্টি হচ্ছে। মৌসুমি বায়ু বিদায় নেওয়ায় দেশের অনেক জেলায় শীতের আমেজও শুরু হয়েছে।

 


এমন পরিস্থিতিতে অনেকের মনেই প্রশ্ন; এই বৃষ্টি আর কতদিন চলবে? আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচ দিন বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে এ সময় দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

 

ঘূর্ণিঝড় ‘আকভান’ বিষয় আবহাওয়াবিদ আফরোজা সুলতানা গণমাধ্যমকে বলেন, সরাসরি বাংলাদেশের ওপর এর প্রভাব পড়ার কোনো আশঙ্কা নেই। ঘূর্ণিঝড়টি দক্ষিণ ওড়িশা উপকূল দিয়ে অতিক্রম করছে।

 

এর প্রভাবে পশ্চিম দিক থেকে আসা বাতাসের সঙ্গে মেঘ বাংলাদেশে প্রবেশ করছে। ফলে সারা দেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।’

 

তিনি বলেন, ‘আজ থেকে আগামী দুই দিন বৃষ্টিপাত হতে পারে। আজ ও আগামীকাল বৃষ্টির প্রবণতা কিছুটা বেশি থাকতে পারে।

 

তবে পরশু থেকে বৃষ্টির তীব্রতা ধীরে ধীরে কমে আসবে। কিছু অঞ্চল থেকে বৃষ্টি একেবারে বিদায়ও নিতে পারে। সারা দেশেই বৃষ্টির প্রবণতা রয়েছে। তবে দক্ষিণাঞ্চলে ভারী বৃষ্টিপাত হতে পারে।’

 

এদিকে ঘূর্ণিঝড় ‘আকভান’ উত্তর দিকে অগ্রসর হচ্ছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত রয়েছে। এ অবস্থায় দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

 

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে আবহাওয়া অধিদপ্তরের ১৬ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ উত্তর দিকে অগ্রসর হয়ে বর্তমানে পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে।

 

ঘূর্ণিঝড়টি গত মধ্যরাতে (১৮ নভেম্বর) চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ১৮০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১ হাজার ১২৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৭০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৬০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।

 

ঘূর্ণিঝড়টি আরো উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামীকাল শুক্রবার (২০ নভেম্বর) দুপুর নাগাদ ভারতের উত্তর অন্ধ্র-দক্ষিণ ওড়িশা উপকূল অতিক্রম করতে পারে।

 

আবহাওয়া অধিদপ্তর জানায়, প্রবল ঘূর্ণিঝড়টির কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৮৯ কিলোমিটার। দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে এ গতিবেগ ঘণ্টায় ১১৭ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড়টির কেন্দ্রের কাছাকাছি এলাকায় সাগর বিক্ষুব্ধ রয়েছে।

 

ঘূর্ণিঝড়ের প্রভাবে সমুদ্রবন্দরগুলো, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকার ওপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

 

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

 

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/ইকে-১১