ছবি: সিলেট ভিউ।

স্থানীয় উন্নয়ন পরিকল্পনায় প্রান্তিক জনগোষ্ঠীর সমস্যা, প্রয়োজন ও ন্যায্য অধিকারকে গুরুত্ব দেওয়ার লক্ষ্যে মৌলভীবাজারের কুলাউড়ায় ‘বার্ষিক পাবলিক টাউন হল সভা’ অনুষ্ঠিত হয়েছে। সভায় স্থানীয় বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সেগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরা এবং উন্নয়ন প্রক্রিয়ায় নাগরিকদের অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। 

 


বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিনব্যাপী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভার আয়োজন করে নিঃস্ব সহায়ক সংস্থা (এনএসএস)।

 

ডিনেটের সহযোগিতায় সিভিক এনগেজমেন্ট ফান্ডের আওতায় সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কোঅপারেশন, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা ও ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ২০২৫ সাল থেকে মৌলভীবাজার জেলার চারটি উপজেলায় ‘নাগরিক সমন্বয় প্রকল্প’ বাস্তবায়িত হচ্ছে। এ প্রকল্পের অংশ হিসেবেই এ সভার আয়োজন করা হয়।

সভায় স্বাগত বক্তব্য দেন-নিঃস্ব সহায়ক সংস্থার (এনএসএস) নির্বাহী পরিচালক জামিল আহমেদ চৌধুরী।

 

এনএসএস’র প্রজেক্ট ম্যানেজার আতিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. জসিম উদ্দিন, সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আবু মাসুদ, মহিলা বিষয়ক কর্মকর্তা সৌমিত্র কর্মকার, যুব উন্নয়ন কর্মকর্তা অনিতা দেবী, এমপির রাজনৈতিক সচিব রেদওয়ান খান, কুলাউড়া প্রেসক্লাবের আহবায়ক এম শাকিল রশীদ চৌধুরী, ভূকশিমইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান মনির, উপজেলা এনজিও সমন্বয় কমিটির প্রধান সমন্বয়ক ও পল্লী উন্নয়ন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক বদরুল হোসেন খান এবং রাউৎগাঁও ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল মুকতাদির মনু। 

 

এনএসএস’র প্রজেক্ট ম্যানেজার সভায় ডিনেটের পক্ষ থেকে বক্তব্য দেন নাগরিক সমন্বয় প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক আসিফ আহমেদ তন্ময়। প্রকল্পের বিভিন্ন কার্যক্রম ও লক্ষ্য তুলে ধরেন নাগরিক সমন্বয় প্রকল্পের  উপজেলা কো-অর্ডিনেটর সাদেকা ভূঁইয়া।

 

আয়োজকরা জানান, নাগরিক সমন্বয় প্রকল্পের আওতায় জলবায়ু ঝুঁকি মোকাবিলা, অবকাঠামো ও যোগাযোগব্যবস্থা, স্বাস্থ্যসেবা, নিরাপদ পানি ও স্যানিটেশন, শিক্ষা ও যুব কর্মসংস্থান, সামাজিক সুরক্ষা এবং নারীর নিরাপত্তাসহ স্থানীয় গুরুত্বপূর্ণ সমস্যাগুলো চিহ্নিত করা হচ্ছে। এসব সমস্যা ও জনগণের প্রয়োজন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরে স্থানীয় উন্নয়ন পরিকল্পনায় প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণ ও ন্যায্য অধিকার নিশ্চিত করাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।

 


সিলেটভিউ২৪ডটকম/অনি/ এহিয়া-০৯