ছবি: প্রতিকী ছবি।
মুসলিম উম্মাহর অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় মাস পবিত্র রমজান শুরু হতে এখনো কয়েক মাস বাকি থাকলেও এর সম্ভাব্য সময়সূচি নিয়ে আগাম হিসাব প্রকাশিত হয়েছে। জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি সোমবার থেকে পবিত্র রমজান মাস শুরু হতে পারে। আর মাসব্যাপী সিয়াম সাধনা শেষে ১০ মার্চ বুধবার উদ্যাপিত হতে পারে পবিত্র ঈদুল ফিতর। তবে রমজান ও ঈদের চূড়ান্ত তারিখ নির্ভর করবে পবিত্র চাঁদ দেখার ওপর।
মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, চাঁদের অবস্থান ও গতিপথের ওপর ভিত্তি করে করা জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, ২০২৭ সালে রমজান মাস শুরু হওয়ার সম্ভাব্য তারিখ ৮ ফেব্রুয়ারি। সে হিসাবে আগের বছরের তুলনায় প্রায় ১০ থেকে ১১ দিন এগিয়ে আসবে পবিত্র রমজানের সূচনা।
মূলত হিজরি বর্ষপঞ্জি চন্দ্রনির্ভর হওয়ায় ইংরেজি ক্যালেন্ডারের হিসাবে প্রতিবছর রমজান মাস প্রায় ১০ থেকে ১২ দিন আগে শুরু হয়। এ কারণেই প্রতিবছর ভিন্ন ভিন্ন সময়ে মুসলমানদের কাছে ফিরে আসে সিয়াম সাধনার এই পবিত্র মাস।
সাধারণত রমজান মাস ২৯ অথবা ৩০ দিনের হয়ে থাকে। শাওয়াল মাসের চাঁদ দেখার মধ্য দিয়ে শেষ হয় রমজান এবং নির্ধারিত হয় পবিত্র ঈদুল ফিতরের দিন। বর্তমান জ্যোতির্বৈজ্ঞানিক পূর্বাভাস অনুযায়ী, ২০২৭ সালের ১০ মার্চ বুধবার পবিত্র ঈদুল ফিতর উদ্যাপিত হতে পারে।
তবে জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব কেবল সম্ভাব্য তারিখের ধারণা দেয়। চাঁদ দেখার ওপর ভিত্তি করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে রমজান ও ঈদের তারিখ ঘোষণা করবে। ফলে চূড়ান্ত সিদ্ধান্তের ক্ষেত্রে এক দিন এদিক-সেদিক হওয়ার সম্ভাবনাও রয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া-০৯




