ছবি: ফাইল ছবি।

সিলেট বিভাগে হাম ও রুবেলা আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে এই তথ্য জানানো হয়েছে। সিলেটে এনিয়ে চলতি বছর বিভাগে হামের উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২২৫ জনে।

 


মৃত শিশুরা হল- সিলেট সদর উপজেলার আবুল খয়েরের ৫ মাস বয়সী সন্তান আবু সালেহ এবং নেত্রকোনার খালিয়াজুরী (ময়মনসিংহ) এলাকার মুতাকাব্বিরের ১০ মাস বয়সী সন্তান তৌহিদুল ইসলাম।

 

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, বিভাগে নতুন করে ১৬ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন। একই দিনে সন্দেহজনক হাম রোগী হিসেবে নতুন করে ১৩৩ জন ভর্তি হয়েছেন এবং সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত বিভাগে মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১,৮২৫ জনে। এর মধ্যে সুনামগঞ্জে সর্বোচ্চ ৯২১ জন, সিলেটে ৪৫৬ জন, হবিগঞ্জে ২৭৬ জন এবং মৌলভীবাজারে ১৭২ জন নিশ্চিত রোগী শনাক্ত হয়েছেন। 

 

স্বাস্থ্য বিভাগ আরও জানায়, নতুন করে সন্দেহজনক হাম রোগী ভর্তির ক্ষেত্রে এগিয়ে রয়েছে সিলেট। সিলেটে সন্দেহজনক হাম রোগে নতুন ভর্তি হয়েছেন ৯১ জন। এছাড়া হবিগঞ্জে ৩০ জন, মৌলভীবাজারে ৭ জন এবং সুনামগঞ্জে ৫ জন সন্দেহজনক রোগী নতুন ভর্তি হয়েছেন। 

 

বর্তমানে বিভাগের সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে সব মিলিয়ে ৫৪৮ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সরকারি হাসপাতালে নতুন ভর্তি ১১৩ জন ও বর্তমানে চিকিৎসাধীন ৪৬০ জন। অন্যদিকে বেসরকারি হাসপাতালে নতুন ভর্তি ২০ জন ও বর্তমানে চিকিৎসাধীন ৮৮ জন।  

 

অন্যদিকে, এর আগের দিন বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্দেহজনক হামে আক্রান্ত দুই শিশুর মৃত্যু হয়েছে। 

 

এনিয়ে চলতি বছর বিভাগে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২২৫ জনে। যার মধ্যে সন্দেহজনক হামে ২১৫ জন এবং নিশ্চিত হামে ১০ জন মারা গেছেন। জেলাওয়ারি মোট মৃত্যুর মধ্যে সুনামগঞ্জে ৭৬ জন (সন্দেহজনক ৭৫, নিশ্চিত ১), হবিগঞ্জে ৩৫ জন (সন্দেহজনক ৩১, নিশ্চিত ৪) এবং মৌলভীবাজারে ১৭ জন (সন্দেহজনক ১৬, নিশ্চিত ১) রয়েছেন। অন্যদিকে সিলেটে সন্দেহজনক মৃত্যু ৯৩ জন ও নিশ্চিত ৪ জন। 

 

 

সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া-১১