দীর্ঘদিন আটকে থাকার পর অবশেষে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে শ্রাবন্তী চ্যাটার্জী ও দিতিপ্রিয়া রায় অভিনীত সিনেমা ‘ডিয়ার ডি’। আগামী ১১ ডিসেম্বর ছবিটি মুক্তির কথা রয়েছে। এই সিনেমায় প্রথমবার মা ও মেয়ের চরিত্রে দেখা যাবে দুজনকে।
২০২৪ সালের শেষে ‘ডিয়ার ডি’ নির্মাণের ঘোষণা দেওয়া হয়েছিল। শুটিং শেষ হলেও স্ক্রিনিং কমিটির কিছু জটিলতা এবং প্রযোজনা প্রতিষ্ঠানের অন্যান্য ছবির মুক্তির সূচির কারণে এতদিন আটকে ছিল এটি। রবীন্দ্র নাম্বিয়ার পরিচালিত ছবিটি প্রযোজনা করেছেন অশোক ধানুকা ও হিমাংশু ধানুকা।
বিদেশনির্ভর প্রেক্ষাপটে তৈরি এই গল্পে একক মা হিসেবে দেখা যাবে শ্রাবন্তীকে, যিনি একাই নিজের মেয়েকে বড় করেছেন। কিশোরী মেয়ের সঙ্গে তার সম্পর্ক বেশ ভালো থাকলেও হঠাৎ ঘটে যাওয়া একটি ঘটনায় বদলে যায় দুজনের জীবন এবং সামনে আসে অতীতের নানা সত্য। প্রকাশিত পোস্টারে দিতিপ্রিয়াকে অন্তঃসত্ত্বা অবস্থায় দেখা গেছে; বয়ঃসন্ধিকালে থাকা এক মেয়ের অন্তঃসত্ত্বা হওয়ার পরের লড়াই ফুটে উঠবে ছবিতে।
বড় পর্দার পাশাপাশি ছোট পর্দাতেও ফিরছেন দিতিপ্রিয়া। স্টার জলসার নতুন ধারাবাহিক ‘মনসামঙ্গল’-এর প্রধান চরিত্রে অভিনয় করবেন তিনি। সম্প্রতি ধারাবাহিকের প্রথম ঝলক প্রকাশ পেয়েছে, যেখানে গোলাপি বেনারসি ও খোলা চুলে পদ্ম সাজে ‘মনসা’ রূপে ধরা দিয়েছেন অভিনেত্রী।
ছোট পর্দা থেকে পরিচিতি পাওয়ার পর বড় পর্দাতেও কাজ করেছেন দিতিপ্রিয়া। বেশ কিছুদিন পর্দা থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। ‘মনসামঙ্গল’ ধারাবাহিকের শুটিং পূজার পর শুরু হওয়ার কথা থাকলেও সম্প্রচারের তারিখ এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন দিতিপ্রিয়া।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-০৪




