ছবিঃ সিলেট ভিউ।

সিলেটের জৈন্তাপুরে বিজিবি ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) যৌথ অভিযানে ১৯টি প্লাস্টিক বিস্ফোরক ও সাতটি নেশাজাতীয় স্কার্ফ সিরাপ উদ্ধার করা হয়েছে। 

 


সোমবার (২৩ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার শ্রীপুর পিকনিক স্পট এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় এসব মালামাল উদ্ধার করা হয়।

 

বিজিবি জানায়, এসআরবির প্রযুক্তিগত সহায়তায় পাওয়া তথ্যের ভিত্তিতে জৈন্তাপুরের শ্রীপুর পিকনিক স্পট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিজিবি কে-৯ ডগ স্কোয়াডের সহায়তায় তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১৯টি প্লাস্টিক বিস্ফোরক ও সাতটি নেশাজাতীয় সিরাপ উদ্ধার করা হয়।

 

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ বলেন, সীমান্তের নিরাপত্তা রক্ষা, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ চোরাচালান এবং অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। বর্তমান পরিস্থিতি বিবেচনায় অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে বিজিবি ও এসআরবির সমন্বয়ে যৌথ অভিযান চালানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় এসব বিস্ফোরক ও মালামাল উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা মালামালের বিষয়ে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

বিজিবি আরও জানায়, চলতি বছর সিলেট ব্যাটালিয়ন বিভিন্ন বিশেষ অভিযান চালিয়ে ১০টি অবৈধ অস্ত্র, ৪৮ রাউন্ড গোলাবারুদ, ১৯টি প্লাস্টিক বিস্ফোরক, ৫০টি বিস্ফোরক পাওয়ারজেল, ৪৮টি ডেটোনেটর ও ৫৯ ফুট ডেটোনেটিং কর্ড উদ্ধার করেছে।

 

 

সিলেটভিউ২৪ডটকম/আশিক-০৫