ছবিঃ সংগৃহীত ছবি।

‘মেগা পার্সনাল’ নামের একটি ডেটিং অ্যাপে নারীদের ছবি ও পরিচয় ব্যবহার করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে প্রতারণা করতেন তাঁরা। এভাবে শতাধিক ব্যক্তির কাছ থেকে অর্থও হাতিয়ে নিয়েছেন। তবে শেষরক্ষা হলো না। 

 


সোমবার (২৩ নভেম্বর) ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের জালে আটকা পড়েন এই চক্রের সাত সদস্য। নগরের সেনবাড়ি এলাকার একটি ভবন থেকে সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি ল্যাপটপ ও সাতটি মুঠোফোন জব্দ করা হয়।

 

গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে আছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের সহসাধারণ সম্পাদক নাঈম মণ্ডল (২৪), টাঙ্গাইলের ঘাটাইলের মনির হোসেন (২৩), বরিশালের মুলাদির মাসুদ আল মারুফ (২৫), ময়মনসিংহের ফুলবাড়িয়ার তানভীর আহম্মেদ (২৫), টাঙ্গাইলের ঘাটাইলের জিল্লুর রহমান (২৭), মজনু (২৬) ও মো. রাকিব (২০)। মনির হোসেন ময়মনসিংহ নগরের নাসিরাবাদ কলেজে, মাসুদ আল মারুফ ঢাকা মডেল ডিগ্রি কলেজে, তানভীর আহমেদ মুক্তাগাছা শহীদ স্মৃতি কলেজে এবং নাঈম মণ্ডল নগরের একটি বেসরকারি কলেজের শিক্ষার্থী।

 

মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা তিনটার দিকে পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান তাঁর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।


পুলিশ সুপার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ১০টার দিকে নগরীর সেনিবাড়ি এলাকার নুরুল হুদার মালিকানাধীন একটি ভবনের ষষ্ঠ তলায় অভিযান চালায় ডিবি পুলিশ। সেখান থেকে সাতজনকে আটক করা হয়। এ সময় তিনটি ল্যাপটপ, সাতটি মোবাইল ফোন ও নারীদের বিভিন্ন আপত্তিকর ছবি উদ্ধার করা হয়।

 

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা ‘মেগা পার্সনাল’ নামের একটি ডেটিং অ্যাপে নারীদের ছবি ও পরিচয় ব্যবহার করে বিভিন্ন মানুষের সঙ্গে যোগাযোগ এবং প্রতারণার মাধ্যমে টাকা নেওয়ার কথা স্বীকার করেছেন।

 

এ প্রতারণার সঙ্গে কয়েকজন নারীও জড়িত রয়েছেন। তাদেরও পর্যায়ক্রমে আইনের আওতায় আনা হবে বলে জানান পুলিশ সুপার। আটকদের বিরুদ্ধে মামলা করার প্রক্রিয়া চলছে। তাদের ব্যবহৃত মোবাইল ফোন ও ল্যাপটপ পরীক্ষা করা হবে। পাশাপাশি সাইবার আইনে মামলা করার প্রস্তুতিও চলছে।

 

 

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/আশিক-১৩