ভারতের রাজধানী নয়াদিল্লির প্রীতবিহার এলাকায় সহকর্মীদের হাতে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন ২২ বছর বয়সী এক তরুণী। সোমবারের ওই ঘটনায় দুই নারীসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

দিল্লি পুলিশ তিনজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, ওই ঘটনায় অভিযুক্ত আরও তিনজন পলাতক রয়েছেন।


প্রাথমিক তদন্ত শেষে পুলিশ জানায়, ওই তরুণী এবং আরও ছয় সহকর্মী শুরুতে একটি ক্যাফেতে একসঙ্গে সময় কাটান। সেখানে তাঁরা মদ্যপান করেন। গতকাল দিবাগত রাত ২টার দিকে তাঁরা সেখান থেকে বেরিয়ে যান। সবাই দুটি ভিন্ন ক্যাফেতে কাজ করেন।

পুলিশ জানায়, সবাই ওই ক্যাফে থেকে বের হওয়ার পর ২২ বছর বয়সী ওই তরুণী তাঁর মাকে ফোন করে জানান, তিনি মান্দাওয়ালিতে এক বন্ধুর বাড়িতে যাচ্ছেন। এরপর একজন পুরুষ বন্ধু ভুক্তভোগীসহ তিন নারীকে মান্দাওয়ালিতে নামিয়ে দেন।

পুলিশের মতে, কিন্তু নিজেদের বাসায় না গিয়ে দলের সবাই এরপর কাছাকাছি আরেকটি ক্যাফেতে যান। ওই ক্যাফেটি প্রীতবিহার থানার আওতাধীন এলাকায় অবস্থিত।

কর্মকর্তারা জানান, ওই তরুণী জানতেন, ক্যাফেটির চাবি একটি ফুলের টবের নিচে লুকানো থাকে।

পুলিশ জানায়, ওই তরুণী সহকর্মীদের সবাইকে সেই ক্যাফেতে নিয়ে যান। এরপর তাঁরা ফুলের টবের নিচ থেকে চাবিটি বের করে রাতের জন্য বন্ধ হয়ে যাওয়া ক্যাফেটি খোলেন। ক্যাফের ভেতরে তাঁরা পার্টি করেন।

পুলিশের ভাষ্যমতে, ভুক্তভোগী তরুণীসহ সাতজনই ক্যাফেটিতে উপস্থিত ছিলেন। সেখানে তাঁরা আবার মদ্যপান করেন। দলের সবাই ভোররাত সাড়ে ৩টার দিকে ক্যাফে থেকে বেরিয়ে যান।

পুলিশ কর্মকর্তারা জানান, গতকাল ভোর আনুমানিক ৫টা ৪৫ মিনিটের দিকে ওই তরুণী তাঁর আরেকজন পুরুষ বন্ধুকে সঙ্গে নিয়ে পিসিআর-এ (পুলিশ নিয়ন্ত্রণ কক্ষ) ফোন করেন।

পরবর্তী সময়ে ওই তরুণীকে থানায় নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁকে স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠানো হয়। পুলিশ জানায়, তদন্ত চলাকালে তিনি অভিযোগ করেন, দুজন পুরুষ সহকর্মী তাঁকে যৌন নির্যাতন করেছেন। বাকি চারজন তা দেখেছেন। কিন্তু কেউ–ই কোনো বাধা দেননি।

কর্মকর্তারা বলেন, পুলিশ দলবদ্ধ ধর্ষণের সংশ্লিষ্ট ধারায় একটি মামলা করেছে। ইতিমধ্যে অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে দুই নারীসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক বাকি তিনজনকে খুঁজছে পুলিশ।
 


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-০৫