কিশোরগঞ্জে হোটেল কর্মচারী জয়নাল আবেদীন হত্যা মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে তাদের এক বছর কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কিশোরগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১-এর বিচারক মোহাম্মদ জহির উদ্দিন এ রায় দেন।
সাজাপ্রাপ্তরা হলেন- সদর উপজেলার গাইটাল নয়াপাড়া এলাকার শাহজাহান সাজু, শফিকুল ইসলাম রতন ও আবু তাহের।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০০৮ সালের ১১ জানুয়ারি কিশোরগঞ্জ শহরের বটতলা এলাকার কোহিনুর হোটেলে কর্মরত ছিলেন জয়নাল আবেদীন। ওই দিন সন্ধ্যা ৭টার দিকে হোটেলে যান শাহজাহান সাজু, শফিকুল ইসলাম রতন ও আবু তাহের। একপর্যায়ে চা-পুরি খাওয়ানোর কথা বলে জয়নালকে হোটেল থেকে বাইরে নিয়ে যান তারা। এরপর থেকে নিখোঁজ ছিলেন তিনি।
পরদিন ১২ জানুয়ারি গাইটাল নয়াপাড়া এলাকার মাটিকাটা হাওরের মাঝখান থেকে জয়নালের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় নিহতের স্ত্রী প্রথমে টাকা-পয়সাসংক্রান্ত বিরোধের জেরে একই গ্রামের মানিকসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ করেন। পরে পুলিশ মানিক ভুঞা ও জামিল উদ্দিনকে গ্রেপ্তার করে। তবে তদন্তের দায়িত্ব সিআইডির কাছে যাওয়ার পর মামলার তদন্তে নতুন মোড় আসে।
তদন্তে আগের গ্রেপ্তার ব্যক্তিদের হত্যাকাণ্ডে জড়িত থাকার প্রমাণ না পাওয়ায় তাদের অভিযোগ থেকে বাদ দেওয়া হয়। পরে শাহজাহান সাজু, শফিকুল ইসলাম রতন ও আবু তাহেরকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে সিআইডি।
কিশোরগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) রহম আলী বলেন, দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে মামলার রায় ঘোষণা করেছেন আদালত। তিনজনকে যাবজ্জীবন দিয়েছেন বিচারক।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-০৯




