ছবি: প্রতিকী ছবি।

ডেঙ্গু শুধু বর্ষাকালের রোগ নয়। আবহাওয়ার পরিবর্তন হলেও সিলেটে কমছে না ডেঙ্গুর থাবা। আকাশে-বাতাসে শীতের পরশ তবুও সিলেটে থামছে না ডেঙ্গুর ভয়াল দংশন। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। দুশ্চিন্তায় দিন কাটছে সাধারণ মানুষের। ডেঙ্গু আক্রান্তের হার চোখে পড়ার মতো। সিলেটে গত চব্বিশ ঘণ্টায় ৬ জনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে। অন্যদিকে মারাগেলেন আরও একজন।

 


বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। 

 

মৃত ব্যক্তি সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার বাসিন্দা আতিক মিয়া (৬০)। শনিবার (২১ নভেম্বর) জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। 

 

স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যানুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৬ নভেম্বর পর্যন্ত সিলেট বিভাগে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২০২ জনে এবং প্রাণহানি ঘটেছে ৭ জনের। সিলেটে গত চব্বিশ ঘণ্টায় ৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। 

 

বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে মোট ২৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ৫ জন ও জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ৪ জন ভর্তি আছেন। এছাড়া হবিগঞ্জ সদর হাসপাতাল, সুনামগঞ্জ সদর হাসপাতাল ও ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন করে এবং লাখাই, বাহুবল, শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মৌলভীবাজার সদর হাসপাতালে ১ জন করে রোগী চিকিৎসাধীন রয়েছেন। নতুন শনাক্ত ৬ জনের মধ্যে নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ৫ জন এবং জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন শনাক্ত হয়েছেন। 

 

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, বছরের শুরু থেকে ২৬ নভেম্বর পর্যন্ত বিভাগের চার জেলার মধ্যে হবিগঞ্জে সবচেয়ে বেশি ৪৭৩ জন এবং সবচেয়ে কম মৌলভীবাজারে ৯৭ জন আক্রান্ত হয়েছেন। এছাড়া সিলেটে ৩২০ জন, সুনামগঞ্জে ২৭৮ জন এবং অন্য জেলা থেকে আগত ৩৪ জন রোগী শনাক্ত হয়েছেন। অন্য জেলা থেকে আসা রোগীদের মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার ১৭ জন, কিশোরগঞ্জ ও নেত্রকোনার ৪ জন করে, বরিশালের ২ জন এবং ঢাকা, নরসিংদী, ময়মনসিংহ, মুন্সিগঞ্জ, নোয়াখালী, ফেনী ও ঝিনাইদহের ১ জন করে রয়েছেন।

 

অন্যদিকে, চলতি বছর বিভাগে ডেঙ্গুতে মারা যাওয়া ৭ জনের মধ্যে হবিগঞ্জে ৩ জন, সিলেটে ২ জন এবং সুনামগঞ্জ ও মৌলভীবাজারে ১ জন করে প্রাণ হারিয়েছেন।

 

বিশেষজ্ঞদের মতে, ডেঙ্গু জীবানু বহনকারী এডিস মশার জেনেটিক বৈশিষ্টের পরিবর্তন ঘটেছে। অন্যান্য বছর এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত ডেঙ্গুর প্রকোপ থাকলেও এ বছর নভেম্বর শেষেও ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমছে না। এছাড়া পূর্বে এ মশা শুধু দিনে কামড়ালেও এখন দিনে বা রাতে যেকোন সময়েই কামড়াচ্ছে। তাই ডেঙ্গু থেকে বাঁচতে বাসা-বাড়ি ও চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখাসহ দিনে-রাতে যেকোন সময় ঘুমানোর সময়ই মশারি ব্যবহারের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

 


সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া-০৮