ছবি: এআই।

শপিংমলে ভাল চাকরির স্বপ্ন নিয়ে সিলেটের তামাবিল সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করেছিলেন কুড়িগ্রামের তরুণী শাপলা (ছদ্মনাম)। সাথে ছিলেন আরও তিন তরুণী। রাতের আঁধারে দালালরা তাকে সীমান্ত পার করিয়ে তুলে দেয় চক্রের ওপারের সদস্যদের হাতে। সীমান্ত পেরুনোর পর তাঁরা বুঝতে পারেন, ভাল চাকরির স্বপ্ন তাদের সীমান্তেই হারিয়ে গেছে। দালাল চক্র তাদেরকে বিক্রি করে দেয় একটি হোটেলে। শুরু হয় অন্ধকার জগতের সাথে বাস। একদিন সুযোগ বুঝে শাপলা হোটেল থেকে পালান। অনুপ্রবেশের মামলায় জেল খেটে তামাবিল সীমান্ত দিয়ে দেশে ফেরেন তিনি। শাপলার মতো অনেক তরুণীর স্বপ্ন হারিয়েছে সীমান্তে।

 


সূত্র জানায়, শুধু অন্ধকার জগত নয়, অনেক নারী-পুরুষ দালালদের খপ্পরে পড়ে সীমান্তের ওপারে বন্দি হয়েছেন দাসত্বের শিকলে। নানা প্রলোভনে নারী-পুরুষদের সীমান্তের ওপারে বিক্রি করে দেয়া হয় কয়লা ও চুনাপাথর খনিতে। সেখানে তাদেরকে আটকে রেখে ১৬-১৮ ঘন্টা কাজ করানো হয়। সংকীর্ণ ও বিপজ্জনক ‘র‍্যাট-হোল’ খনিতে কোনো সুরক্ষা সরঞ্জাম ছাড়াই তাদের নামতে বাধ্য করা হয়। খনির ভেতরে বিষাক্ত গ্যাস ও ধসের চরম ঝুঁকি থাকা সত্ত্বেও তাদেরকে দিনরাত খাটানো হয়।

 

ভারতের মেঘালয় রাজ্যঘেঁষা সিলেট সীমান্তের অর্ধশত পয়েন্টজুড়ে গড়ে ওঠেছে মানবপাচারের শক্তিশালী নেটওয়ার্ক। চলতি বছর মানবপাচার ও পাসপোর্ট আইনে সীমান্তবর্তী তিন থানায় অন্তত ২০টি মামলা হয়েছে। আটক হয়েছে চক্রের বেশ কয়েকজন সদস্য।

 

খোঁজ নিয়ে জানা গেছে, সবচেয়ে বেশি মানবপাচার হয় জৈন্তাপুর উপজেলার সীমান্ত এলাকা দিয়ে। জৈন্তাপুরের মোকামবাড়ি, আলুবাগান, শান্তিমাইর জুম, মোকামপুঞ্জি, ছাগলখাউরী, বাননঘাট, শ্রীপুর চা-বাগান, মিনাটিলা, কাঠালবাড়ী, কেন্দ্রী মন্দির, রাবার বাগান, লম্বাটিলা, ঘিলাতৈল, ফুলবাড়ী, টিপরাখলা, করিমটিলা, কমলাবাড়ী, কালিঞ্জিবাড়ী, জালিয়াখলা, নয়াগ্রাম, নুরুলের টিলা, লাল মিয়ার টিলা, আফিফানগর, বাঘছড়া, তুমইর, জঙ্গিবিল, বালিদাঁড়া, ইয়াংরাজা এলাকা দিয়ে মানবপাচার হয়। মানবপাচারের সাথে জড়িত রয়েছেন- স্থানীয়ভাবে লাইনম্যান হিসেবে পরিচিত রুবেল আহমদ, লিটন মিয়া, মাঘাই পাত্র, মিজান আহমদ রুবেল, আবদুল, রিপন মিয়া, আবদুল, হানিফ, তাজ উদ্দিন, শাহজাহান ও তার ভাই বুরহান।

 

জৈন্তাপুর থানার ওসি মো. মাহবুবুর রহমান মোল্লা জানান, কেউ দালালদের খপ্পরে পড়ে ভাল কাজের প্রলোভনে সীমান্ত পাড়ি দেন। আবার সমাজের নিগ্রিত অনেক নারী কাজের আশায় যান। দালালচক্রের সদস্যদের গ্রেফতার করে জেলে পাঠালে জামিনে বের হয়ে তারা ফের একই কাজে লিপ্ত হয়। জৈন্তাপুর থানায় চলতি বছর মানবপাচারের ৪টি ও পাসপোর্ট আইনে ৪টি মামলা হয়েছে। এই চক্রটিকে নির্মূলে পুলিশ কাজ করছে।

 

মানবপাচারের নেটওয়ার্কে রয়েছে গোয়াইনঘাট উপজেলার গুচ্ছগ্রাম, ভাইরাল মেলার মাঠ, আমস্বপ্ন, সংগ্রামপুঞ্জি, নলজুরি, পান্তুমাই, হাজীপুর, কুলমুপছড়া ও তামাবিল সীমান্ত এলাকায়।

 

গোয়াইনঘাট থানার ওসি ওমর ফারুক মোড়ল জানান, চলতি বছর গোয়াইনঘাটে মানবপাচারের ৩টি ও পাসপোর্ট আইনে ৩টি মামলা হয়েছে। ৬ মামলায় এজহারনামীয় ও অজ্ঞাত মিলে ৩৮ জন আসামী রয়েছে। এর মধ্যে ১২ জনকে গ্রেফতার করা সম্ভব হয়েছে।

 

কানাইঘাট উপজেলার আলোচিত মানবপাচার সীমান্ত হচ্ছে দনা। ২০২৪ সালের ২৩ আগস্ট সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন মানিক ভারতে অনুপ্রবেশের আগে আটকের পর আলোচনায় আসে মানবপাচারের এই রুটটি। ৫ আগস্টের পট পরিবর্তনের পর আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এই সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যান। এখনো ওই সীমান্ত দিয়ে মানবপাচার অব্যাহত রয়েছে। কানাইঘাট সীমান্ত দিয়ে মানবপাচার ও এ সংক্রান্ত মামলার তথ্য জানতে কয়েকবার যোগাযোগ করা হলেও থানার ওসি আমিনুল ইসলাম তথ্য দেননি। অভিযোগ রয়েছে, স্থানীয় চোরাকারবারি ও মানবপাচারচক্রের সাথে থানাপুলিশের সখ্যতা রয়েছে।

 

তৎক্ষালীন বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. নাজমুল হক জানান, চোরাচালান ও মানবপাচাররোধে সীমান্তের যেসব স্থানে কাটাতারের বেড়া নেই সেসব স্থানে টহল জোরদার করা হয়। এছাড়া সোর্স মারফত মানবপাচারের কোন তথ্য পেলে বিশেষ পয়েন্টগুলোতে টহল বাড়ানো হয়। গেল বেশ কিছুদিন ধরে বিজিবি ৪৮ ব্যাটালিয়নের আওতাধীন সীমান্ত এলাকা দিয়ে মানবপাচারের কোন ঘটনা ঘটেনি বলে দাবি করেন তিনি।

 

সীমান্তে মানবপাচার প্রসঙ্গে বিজিবি ১৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. সুহেল আলম জানান, সীমান্তে চোরাচালানরোধের পাশাপাশি মানবপাচার বন্ধেও বিজিবি কাজ করছে। মানবপাচারের সাথে জড়িতদের তালিকা আপডেটেরও কাজ করছে বিজিবি।

 

 

সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া-১২