সংগৃহীত

ভালো কাজের আশায় দালালের মাধ্যমে ভারতে গিয়ে অনুপ্রবেশের অভিযোগে কারাগারে দুই বছর কাটাতে হয়েছে আট বাংলাদেশিকে। সাজা ভোগের পর বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন তারা।

 


বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত ৮টার দিকে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। পরে বেনাপোল পোর্ট থানা-পুলিশ তাদের জাস্টিস অ্যান্ড কেয়ার নামে একটি বেসরকারি সংস্থার কাছে হস্তান্তর করে।

 

ফেরত আসা ব্যক্তিরা ফরিদপুর, চট্টগ্রাম, নড়াইল, যশোর, বরগুনা, পঞ্চগড় ও সাতক্ষীরা জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

 

পুলিশ ও মানবাধিকার সংগঠনের কর্মীদের সূত্রে জানা গেছে, ভালো কাজের আশায় দালালের মাধ্যমে সীমান্ত পেরিয়ে ভারতে যান তারা। পরে ভারতের তামিলনাড়ু ও কলকাতার দমদম এলাকায় বিভিন্ন কাজ করার সময় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে সেখানকার পুলিশ তাদের আটক করে। এরপর আদালতের মাধ্যমে তাদের দুই বছরের কারাদণ্ড হয়।

 

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান বলেন, দুই বছর কারাভোগ শেষে ভারত থেকে ফেরত আসা আট বাংলাদেশিকে ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

 

যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের ফিল্ড কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, থানা থেকে তাদের গ্রহণ করে রাতেই সংস্থার নিজস্ব শেল্টার হোমে রাখা হবে। পরে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

 

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/ইকে-০২