ছবি: রাতের বেলায় সৌরচালিত স্ট্রিট লাইটের আলোয় আলোকিত জগদল গ্রাম।

দীর্ঘদিনের অন্ধকার কাটিয়ে সৌরবাতির আলোয় আলোকিত হয়েছে সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল গ্রাম। সম্প্রতি যুক্তরাজ্যপ্রবাসী জগদলীয়ানদের অর্থায়ন ও স্থানীয় তরুণদের উদ্যোগে প্রায় ১২ লাখ টাকা ব্যয়ে গ্রামের প্রধান সড়ক ও কবরস্থান এলাকায় স্থাপন করা হয়েছে ৩৮টি সৌরচালিত স্ট্রিট লাইট। এতে রাতের বেলায় চলাচলে স্বস্তি ফিরেছে গ্রামবাসীর মধ্যে।

 


উপজেলার জগদল ইউনিয়নের অন্যতম বৃহৎ গ্রাম জগদলে প্রায় ১০ হাজার মানুষের বসবাস। প্রায় তিন কিলোমিটারজুড়ে বিস্তৃত গ্রামটিতে রয়েছে পাঁচটি মসজিদ, দুটি মাদ্রাসা, স্কুল-কলেজ, বাজার ও ২৫ শয্যাবিশিষ্ট একটি হাসপাতাল। এত গুরুত্বপূর্ণ স্থাপনা থাকলেও দীর্ঘদিন ধরে সন্ধ্যার পর প্রধান সড়কগুলো অন্ধকারে ডুবে থাকত। ফলে মুসল্লি, শিক্ষার্থী ও রোগীদের যাতায়াতে ভোগান্তি পোহাতে হতো।

 

স্থানীয় কয়েকজন তরুণের উদ্যোগে যুক্তরাজ্যপ্রবাসী জগদলীয়ানরা এগিয়ে আসেন। তাঁদের সম্মিলিত অর্থায়নে সম্প্রতি ৩৮টি সৌরবাতি স্থাপন করা হয়।

 

উদ্যোগের সঙ্গে যুক্ত যুক্তরাজ্যপ্রবাসী আফজল হোসেন সিলেটভিউকে বলেন, জগদল গ্রামেই আমাদের বেড়ে ওঠা। গ্রামের প্রতি আমাদের সবার আলাদা টান রয়েছে। পাঁচটি মসজিদ, দুটি মাদ্রাসা, শিক্ষাপ্রতিষ্ঠান, বাজার ও হাসপাতাল থাকলেও প্রধান সড়কগুলো রাতে অন্ধকারে থাকত। বিষয়টি বিবেচনায় নিয়ে যুক্তরাজ্যে বসবাসরত জগদলীয়ানরা সম্মিলিতভাবে প্রায় ১২ লাখ টাকা ব্যয়ে ৩৮টি সৌরবাতি স্থাপনের উদ্যোগ নেন। এখন আমাদের প্রিয় গ্রাম নিজস্ব আলোয় আলোকিত। এতে আমরা আনন্দিত।

 

স্থানীয় তরুণ রুহুল আমীন, আব্দুল মুক্তাদির, সহিবুর রহমান ও হুমায়ুন রশিদ সিলেটভিউকে বলেন, প্রবাসীদের এমন উদ্যোগ গ্রামের উন্নয়নে নতুন আশার সঞ্চার করেছে। দল-মত ও রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে গ্রামের মানুষের কল্যাণে সবাই একসঙ্গে কাজ করলে ইতিবাচক পরিবর্তন সম্ভব। জগদল তার দৃষ্টান্ত।

 

জগদল বাজারের অন্বেষা মুক্ত চিন্তা বিকাশ কেন্দ্রের সদস্য আফজাল হোসেন সিলেটভিউকে বলেন, এটি শুধু সড়কে বাতি স্থাপন নয়, গ্রামের প্রতি প্রবাসীদের ভালোবাসা ও দায়বদ্ধতার বহিঃপ্রকাশ। বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত জগদলীয়ানরাও যেন শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগসহ গ্রামের সামগ্রিক উন্নয়নে এগিয়ে আসেন, সেই প্রত্যাশা করি।

 

গ্রামের পল্লী চিকিৎসক বজলুর নুর সিলেটভিউকে বলেন, জনপ্রতিনিধি বা রাজনৈতিক নেতাদের অপেক্ষায় থাকলে হয়তো গ্রামটি আজও অন্ধকারে থাকত। তরুণ ও প্রবাসীরা নিজেদের উদ্যোগে যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা প্রশংসনীয়। তাঁদের এই ঐক্য অন্যদেরও অনুপ্রাণিত করবে।

 

প্রবীণ বাসিন্দা আব্দুল সোভান সিলেটভিউকে বলেন, আগে রাতে মসজিদে নামাজ পড়তে যেতে অন্ধকার রাস্তায় অনেক সমস্যায় পড়তে হতো। বিশেষ করে বয়স্কদের কষ্ট হতো বেশি। এখন সৌরবাতি স্থাপন করায় নিশ্চিন্তে চলাচল করতে পারছি। এটি গ্রামবাসীর জন্য অনেক বড় পাওয়া। 

 

 

সিলেটভিউ২৪ডটকম/ হিল্লোল/ এহিয়া-০৪