ছবি : আহমেদ শাহিন

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত সিলেট নগরীর পূর্ব জিন্দাবাজার এলাকার দুটি বৈদ্যুতিক ট্রান্সফরমারে অন্তত: ৩-৪ বিকট শব্দ হয়। এরপর থেকে পূর্ব জিন্দাবাজার এলাকা পুরোটাই অন্ধকার হয়ে যায়।

তবে সংশ্লিষ্টরা দ্রুততার সঙ্গে কাজ করে দুই ঘণ্টার মাথায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করে দিয়েছেন। সন্ধ্যা সোয়া ৭টার দিকে পূর্ব জিন্দাবাজার এলাকায় জ্বলে ওঠে বিদ্যুতিক বাতির আলো।


এর আগের দুই ঘণ্টা বিদ্যুৎ বিভ্রাটে ভোগান্তিতে পড়েন এ এলাকার বিভিন্ন অফিসে কর্মরত এবং বাসাবাড়িতে বসবাসকারীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে নগরীর পূর্ব জিন্দাবাজারস্থ বাংলাদেশ পার্সেলের কার্যালয় সংলগ্ন বৈদ্যুতিক ট্রান্সফরমারে বিকট একটি শব্দ হয়। এসয় আগুনের শিখাও দেখা যায়। সঙ্গে সঙ্গে আশপাশ এলাকায় চলে যায় বিদ্যুৎ। এসময় পার্শ্ববর্তী মার্কেট ও বাসাবাড়ির বাসিন্দারা আতঙ্কিত হয়ে রাস্তায় বেরিয়ে আসেন। তবে এ ঘটনার ১০ মিনিটের মধ্যে বিদ্যুৎ ফিরে আসে।

এর কিছুক্ষণ পরই পূর্ব জিন্দাবাজারস্থ নেহার মার্কেট সংলগ্ন বৈদ্যুতিক ট্রান্সফরমারে বিকট আরেকটি শব্দ হয়। এসময়ও আগুনের শিখা দেখা যায়। মার্কেটের ব্যবসায়ীরা জানান, ওই ট্রান্সফরমারে সন্ধ্যার আগ পর্যন্ত তিনবার এভাবে বিকট শব্দ হয় এবং আগুন জ্বলে ওঠে। এতে নেহার মার্কেটসহ আশপাশ প্রতিষ্ঠানের ব্যবসায়ী এবং পথচারীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এসব ঘটনার পর থেকেই পূর্ব জিন্দাবাজার পুরোটা অন্ধকারে নিমজ্জিত হয় ।

এ বিষয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ-২–এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই আরেফিন মঙ্গলবার সন্ধ্যায় সিলেটভিউ-কে বলেন, ওইদিকে কোথাও লাইনে ফল্ট হয়েছে। তাই এরকম হয়েছে এবং বিদ্যুৎ চলে গেছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের লোকজন ওখানে গেছে এবং চেক করে দেখতেছে কোথায় সমস্যা। যত দ্রত সম্ভব কাজ করে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।

শামছ-ই আরেফিনের এ কথার আধা ঘণ্টার মধ্যেই স্বাভাবিক হয় পূর্ব জিন্দাবাজারের বিদ্যুৎ ব্যবস্থা।


সিলেটভিউ২৪ডটকম / ডালিম