মৌলভীবাজার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন এর নেতৃত্বে ও র‌্যাব-৯ ফোর্সের সহযোগিতায় কুলাউড়ায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর প্রতিষ্ঠান এবং চালের বাজারে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

মঙ্গলবার কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার, কুলাউড়া রোড, মৌলভীবাজার রোডসহ বিভিন্ন জায়গায় এ কার্যক্রম পরিচালনা করা হয়।


অভিযানকালে বাসি ও পঁচা ফাস্ট ফুড সংরক্ষণ করে বিক্রয় করা, চালের আড়তে মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন না করা, অতিরিক্ত দামে চাল বিক্রয় করা, সরকার নির্ধারিত মজুদ সময় থেকে অতিরিক্ত সময় চাল মজুদ রাখা, মিল মালিকদের কাছ থেকে ক্রয় ভাউচার সংগ্রহ না করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে ব্রাহ্মণবাজারের দূর্জয় ডিপার্টমেন্টাল স্টোরকে ৩ হাজার টাকা, শাহজালাল খাদ্য ভান্ডারকে ২ হাজার টাকা ও মৌলভীবাজার রোডের মেসার্স আকমল হোসেন চালের আড়তকে ৩ হাজার টাকাসহ ৩টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৮ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়।

সহকারী পরিচালক মো. আল-আমিন জানান, অভিযানকালে চালের পাইকারি ব্যবসায়ীদের মূল্য তালিকা প্রর্দশন পূর্বক ক্রয় ভাউচার সংগ্রহ করে লাইসেন্সে উল্লেখিত নিময় মেনে ব্যবসা করা জন্য অনুরোধ জানানো হয়।

এছাড়া নিরাপদ খাদ্য এবং ন্যায্য মূল্যে পণ্য প্রাপ্তি নিশ্চতকরণে বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কাজ করছে বলে তিনি জানান।

 

সিলেটভিউ২৪ডটকম/এসআরএসি/এসডি-১৭