মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, তিনি 'নিশ্চিত' যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের সরকারকে উৎখাতের চেষ্টা করবেন।
মার্কিন গণমাধ্যম এবিসি নিউজের সঙ্গে আলাপকালে তিনি বলেছেন, ইউক্রেনের রাজধানী কিয়েভ এবং অন্য প্রধান শহরগুলোতে আক্রমণের পাশাপাশি উত্তর, পূর্ব এবং দক্ষিণ সীমান্ত থেকে দেশটিতে বহুমুখী আক্রমণ শুরু করাটাই ছিল রাশিয়ার পরিকল্পনার অংশ।
ব্লিঙ্কেন আরো বলেছেন, ইউক্রেনে রুশ হামলার আশঙ্কা আগে থেকেই ছিল। তবে ন্যাটো মিত্রদের রক্ষার প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করার পাশাপাশি সতর্ক করে দিয়ে তিনি বলেছেন, ন্যাটো জোটের একজন সদস্যের ওপর আক্রমণ ন্যাটোর সব সদস্যের ওপর আক্রমণের শামিল।
তিনি আরো বলেছেন, প্রেসিডেন্ট (জো বাইডেন) একেবারে স্পষ্ট করে বলেছেন যে আমরা ন্যাটো অঞ্চলের প্রতিটি ইঞ্চি রক্ষা করব।
তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের অবস্থানকেও পুনর্ব্যক্ত করে বলেছেন, পুতিনকে সরাসরি টার্গেট করার জন্য বিদ্যমান মার্কিন নিষেধাজ্ঞাগুলো সম্প্রসারণের সম্ভাবনা এখনো আলোচনার টেবিলেই আছে। পরিস্থিতি বিবেচনা করে সেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/জিএসি-৩৩
সূত্র : বিবিসি




