ছবি: সংগৃহীত
সুনামগঞ্জে প্রবাসী ও তাঁর দুই বন্ধুর পথরোধ করে চাকু দেখিয়ে মোবাইল ফোন ও নগদ টাকা ছিনতাইয়ের মামলায় কান্তা বেগম (৩৫) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২০ নভেম্বর)সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ গ্রেপ্তারের বিষয়টি সিলেট ভিউকে নিশ্চিত করেছেন। তিনি জানান বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ১১টা ৫ মিনিটের দিকে শহরের বনানীপাড়া কবরস্থানের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার কান্তা বেগম সুনামগঞ্জ সদর উপজেলার হোসেনপুর (টুকেরঘাট) এলাকার হিরন মিয়ার স্ত্রী।
এবিষয়ে সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন,গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে কান্তা বেগমকে গ্রেপ্তার করা হয়। অভিযানে নারী পুলিশ সদস্যরাও অংশ নেন।
তাঁর বিরুদ্ধে এর আগেও সুনামগঞ্জ সদর থানায় দস্যুতার একটি মামলা রয়েছে। গত ১ জুন ওই মামলা দায়ের করা হয়। এছাড়া তিনি একাধিক মামলায় গ্রেপ্তার হয়ে কারাভোগ করেছেন বলে পুলিশ জানিয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৬ অক্টোবর রাত সাড়ে ১১টার দিকে প্রবাসী ফারহান হোসেন রাফি চৌধুরী তাঁর দুই বন্ধু নাহিদ মিয়া ও মাহমুদুল হাসান তোহাকে নিয়ে মোটরসাইকেলে বাসায় ফিরছিলেন। পথে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কালীবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন সড়কে মানুষের জটলা দেখে তাঁরা মোটরসাইকেল থামান।
এসময় শিমন চৌধুরী (৪০) ও তাঁর অজ্ঞাতপরিচয় দুই-তিন সহযোগী তাঁদের পথরোধ করেন। একপর্যায়ে তাঁদের ব্যবহৃত মোবাইল ফোন জোরপূর্বক ছিনিয়ে নেওয়া হয়। এ সময় শিমন পুরো ঘটনার ভিডিও ধারণ করেন।
মোবাইল ফোন ফেরত চাইলে অভিযুক্তরা চাকু দিয়ে আঘাতের ভয় দেখান। সঙ্গে থাকা জিনিসপত্র না দিলে প্রাণে মেরে ফেলার হুমকিও দেন। একপর্যায়ে তাঁদের কাছ থেকে জোরপূর্বক নগদ ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যান তাঁরা।
এ ঘটনায় গত ২১ অক্টোবর সুনামগঞ্জ সদর মডেল থানায় দস্যুতার অভিযোগে মামলা করেন ভুক্তভোগী রাফি চৌধুরী।
পুলিশ জানায়, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে কান্তা বেগমকে আদালতে সোপর্দ করা হয়। পরে আদালতের নির্দেশে তাঁকে কারাগারে পাঠানো হয়।
সিলেটভিউ২৪ডটকম/মআস-১০




