দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে মৌলভীবাজারের রাজনগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে রাজনগর উপজেলা বিএনপি।
শুক্রবার বিকেল রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামন থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি রাজনগর বাজার অতিক্রম করে রাজনগর কলেজ পয়েন্টে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য নাসের রহমান।
রাজনগর উপজেলা বিএনপির সভাপতি নূরুল ইসলাম সেলনের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন, সদস্য সচিব আব্দুর রহিম রিপন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবদুল মুকিত, মো. ফখরুল ইসলাম, বকশী মিছবাহুর রহমান ও হেলু মিয়া, মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুর রহমান মজনু, রাজনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আব্বাস আলী এবং মৌলভীবাজার জেলা যুবদলের সাধারণ সম্পাদক এম. এ. মুহিতসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সমাবেশে এমপি নাসের রহমান বলেন, দেশের মানুষ বিএনপির সঙ্গে রয়েছে। সারা দেশে ককটেল বোমা বিস্ফোরণ ও বিভিন্ন ধরনের নৈরাজ্য সৃষ্টি করে শেখ হাসিনা এ দেশে ফিরতে পারবেন না। তিনি আরও বলেন, শেখ হাসিনা দেশে ফিরলে এক মাসের মধ্যেই তাঁর ফাঁসির কার্যক্রম বাস্তবায়িত হবে।
দলীয় নেতাকর্মীদের সতর্ক করে নাসের রহমান বলেন, বিএনপির কোনো নেতাকর্মী আওয়ামী লীগের কারও সঙ্গে যোগাযোগ রাখলে তাঁদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না। পাশাপাশি ডিসেম্বর মাসজুড়ে নেতাকর্মীদের সতর্ক থেকে দলীয় কর্মসূচি পালনের নির্দেশনা দেন তিনি।
সিলেটভিউ২৪ডটকম/সোহেল/এসডি-১২




