ইউক্রেনের রুশ হামলার তৃতীয় দিন চলছে। কিন্তু ক্রেমলিন দাবি করছে, শুক্রবার তাদের ঘোষিত ‘বিশেষ অভিযান’এর দ্বিতীয় দিন প্রেসিডেন্ট পুতিন হামলা থামানোর নির্দেশ দিয়েছিলেন।
শনিবার এক সংবাদ সম্মেলনে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, প্রস্তাবিত আলোচনার সম্ভাবনার মধ্যে ইউক্রেনে রাশিয়ার সশস্ত্র বাহিনীর প্রধান গ্রুপকে প্রেসিডেন্ট পুতিন অগ্রসর না হওয়ার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু আসল কথা হলো— ইউক্রেন সমঝোতা প্রত্যাখান করেছে।
সিএনএনের খবরে বলা হচ্ছে, রুশ বাহিনী ফের অভিযান শুরু করেছে।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভও একই রকম বলেছেন। তিনি বলেন, জেলেনস্কি সরকার আলোচনা প্রত্যাখান করায় রুশ বাহিনী পরিকল্পনা অনুসারে পুনরায় অভিযান শুরু করেছে।
তবে ইউক্রেনর স্থানীয় সময় শনিবারের প্রথম প্রহরে ইউক্রেন প্রেসিডেন্টের একজন উপদেষ্টা বলেন, তারা আলোচনা প্রত্যাখান করেননি। ইউক্রেন শর্তযুক্ত আলোচনায় বসতে রাজি নয় বলেও মন্তব্য করেন তিনি।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/জিএসি-৩৩
সূত্র : সিএনএন




