ছবি : শাহীন আহমেদ ও রুবেল আহমেদ

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য একের পর এক বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মূচির অংশ হিসেবে সিলেটে মিছিল ও সমাবেশ কর্মসূচি পালন করছে মহানগর বিএনপি।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) বিকাল ৩টা থেকে নগরীর চৌহাট্টাস্থ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে প্রতিবাদ সমাবেশ। ইতোমধ্যে সমাবেশস্থলে এসে পৌঁছেছেন বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক মন্ত্রী ড. খোন্দকার মোশাররফ হোসেন। প্রধান অতিথি হিসেবে তিনি সমাবেশে বক্তব্য রাখবেন। এছাড়াও সিলেট সিটি করপোরেশেনের মেয়র আরিফুল হক চৌধুরীসহ জেলা ও মহানগর বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ সমাবেশে উপস্থিত হয়েছেন।


এর আগে মহানগরের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা মিছিল সহকারে সেখানে উপস্থিত হন। উপস্থিত হন ছাত্রদল-যুবদলসহ বিভিন্ন শাখার নেতাকর্মীরা।

এদিকে, সমাবেশ শুরুর আগে কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে নেতাকর্মীদের অনেকেই জুতা পায়ে ওঠে পড়েন। পরে স্বেচ্ছাসবেকরা তাদের বুঝিয়ে নিচে নামিয়ে দেন এবং জুতা খুলে বেদিতে ওঠার আহ্বান জানান।

এদিকে, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সিলেট জেলা বিএনপির উদ্যোগে বুধবার (২ মার্চ) বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

বুধবার বিকাল ৩টায় নগরীর রেজিস্ট্রি মাঠে অনুষ্ঠিত হবে প্রতিবাদ সমাবেশ। এতে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।

 

সিলেটভিউ২৪ডটকম / ডালিম