ছবি: সিলেট ভিউ।

সিলেটের দক্ষিণসুরমা জালালপুরের কাদিপুরে শামছুন্নেছা ওমেন্স কলেজে ২৬ জন বিদেশি চিকিৎসকের অংশগ্রহণে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। তাফিদা রাকিব ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে ইউরোপ, আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা ২৬ জন চিকিৎসক অংশ নেন। স্থানীয় মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদানের লক্ষ্যে এ আয়োজন করা হয়।

 


কর্মসূচির আয়োজকদের মধ্যে ছিলেন তাফিদা রাকিব ফাউন্ডেশনের অ্যাডভাইজার ও কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ওয়াজিদ হাসান সেলিম (বিইএম), কবির আহমদ, গিয়াস উদ্দিন ও মামুনূর রশিদ।

 

জানা যায়, তাফিদা রাকিব ফাউন্ডেশন এর আগেও দুইবার বিদেশি চিকিৎসকদের নিয়ে বাংলাদেশে এ ধরনের মানবিক কার্যক্রম পরিচালনা করেছে। সেই ধারাবাহিকতায় এবারও বিদেশি চিকিৎসকদের নিয়ে বিনামূল্যে চিকিৎসাসেবার আয়োজন করা হয়।

 

শহরের কাছাকাছি গ্রামীণ জনপদ জালালপুরে এ ধরনের আন্তর্জাতিক চিকিৎসাসেবা কর্মসূচি স্থানীয় মানুষের জন্য বিশেষ সুযোগ তৈরি করেছে। এর মাধ্যমে সাধারণ মানুষ বিদেশি চিকিৎসকদের কাছ থেকে বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পেয়েছেন। মানবিক ও জনকল্যাণমূলক এ উদ্যোগের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

 

 

সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া-১৬