কাজের ব্যস্ততার ভিড়ে নিজেদেরকে সময় দিতেই ছুটির দিনে ছুটে চলা। অফিস বাসা না করে ওই দিনটা শুধু নিজেকে দেয়া। পূর্বের পরিকল্পনা অনুযায়ী বেটুসের যাত্রা পাইলগাঁওয়ের উদ্দেশ্যে। আজিজুর রহিম খান মিজান, সানু উদ্দিন রুবেল, ইমরান ইমন, অলিউর রহমান মেহেদী এবং একমাত্র নারী সদস্য ইউনা আলম আজকের সহযাত্রী। সিলেট থেকে মোটরসাইকেল যোগে জগন্নাথপুরের দিকে রওনা হই সকাল দশ ঘটিকায়। পথে থেমে থেমে চা পান করে ধীরেসুস্থে পৌঁছি রাণীগঞ্জ বাজারে। সেখান থেকে দিকনির্দেশনা নিয়ে দৃষ্টিনন্দন রাণীগঞ্জ সেতু ভ্রমণ শেষে পুনরায় রাণীগঞ্জ বাজারে আসে বেটুস টিম। অতঃপর সেখান থেকে প্রায় পাঁচ কিলোমিটার পথ অতিক্রম করে কুশিয়ারা নদীর পাশ ঘেঁষা কাঁচাপাকা রাস্তায় পৌঁছি পাইলগাঁও গ্রামে। তারপর মিনিট দূরত্বে গন্তব্যস্থল পাইলগাঁও জমিদার বাড়ি। যা স্থানীয় মানুষজনের কাছে বাবুরবাড়ি বা জমিদারবাড়ি নামে সুপরিচিত। বাংলার ইতিহাস ও ঐতিহ্যের জীবন্ত সাক্ষী পাইলগাঁও জমিদার বাড়িটি। এটি সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও গ্রামে অবস্থিত।

প্রায় সাড়ে পাঁচ একর জায়গা জুড়ে ব্যাপ্তি তিনশত বছরেরও বেশি পুরাতন জমিদার বাড়িটি অত্র অঞ্চলের প্রাচীন পুরাকীর্তির অন্যতম নিদর্শন। বাড়িটি এককালে জমিদারি আভিজাত্য, প্রভাব-প্রতিপত্তি ও ঐশ্বর্যের প্রতীক ছিল। বাড়িটির দক্ষিণ পাশে ছুটে চলেছে ঐতিহ্যবাহী কুশিয়ারা নদী। যা পাইলগাঁও জমিদার বাড়িকে আরও সৌন্দর্য ভরপুর ও রূপে মোহনীয় করেছে। একসময় জমিদার বাড়িতে মানুষজন আসত এই নদী পথে। এমনকি তৎকালীন ভারতীয় কংগ্রেস নেতৃবৃন্দও নৌকা যোগে আসতো বলে শোনা যায়। বাড়ির ঠিক সামনে রয়েছে বিশাল দিঘি। তিনশো বছরের পুরোনো অট্টালিকা। যা এখনো বড্ড মজবুত। সিঁড়ি বেয়ে ছাদে উঠার পর দেখা যায় পুরো জমিদার বাড়ি। ছাদে নিরাপদে হাঁটার সুবিধার্থে প্রায় পাঁচ ফুটের গার্ডওয়ালা রাখা হয় সেসময়ে। যা এখনো অক্ষত। তার ওপর আবার মধ্যখানে উঁচু একটা জায়গা তৈরি করা হয়েছে। যেখানে উঠার পর পুরো এলাকার চারপাশ চোখের নজরে চলে আসে। বাড়ির ভেতরে এখনো দেয়াল জুড়ে কারুকার্য দৃশ্যমান। দূর থেকে মূল বাড়ির প্রধান ফটকের উপরের দিকে তাকালে দেখা যায়, দুইপাশে দু’টি সিংহ আকৃতির কারুকার্য। এটি আভিজাত্য ও রুচিশীলতারই পরিচয়। অন্যদিকে রয়েছে বাড়ির সামনে শানবাঁধানো দিঘি ঘাট। চতুর্দিকে সবুজে ঘেরা পরিবেশ। সব মিলিয়ে জায়গাটি এখনো ইতিহাস ও প্রকৃতিপ্রেমীদের কাছে টানে।
 


বর্তমানে সামনে থাকা দৃশ্যমান বিশাল অট্টালিকা মূল প্রাসাদটির নির্মাণকাজ শুরু হয় ১৯১৩ সালে এবং ১৯২১ সালে শেষ হয় বলে জানা যায়। বাড়িটির স্থাপত্যে রয়েছে পুরাতন ঐতিহ্যবাহী জমিদারি আভিজাত্যের ছাপ। একসময়ে এখানে কাছারি ঘর, বাংলো, ভোগ মন্দির, পারিবারিক মহল, পুরোনো দিঘি ও বিভিন্ন স্থাপনা ছিলো। এখনো অনেকটাই বিরাজমান কিন্তু অকেজো। সব মিলিয়ে এটি ছিল একটি পূর্ণাঙ্গ জমিদারি আবাস ও রাজত্ব পরিচালনার অন্যতম প্রশাসনিক কেন্দ্র। মূল বাড়ির সামনে থাকা বিশাল দিঘিটিকে স্থানীয়ভাবে ‘মাধব রামের তালাব’ বলা হয়ে থাকে। পাইলগাঁও জমিদার বংশের পূর্বপুরুষ মাধব রাম জনসাধারণের কল্যাণে ব্যবহারের জন্যে এই দিঘিটি খনন করেন বলে জানা যায়।

ইতিহাস বলে, এই জমিদার বংশের শেষ উত্তরসূরি ছিলেন ব্রজেন্দ্র নারায়ণ চৌধুরী। তিনি ছিলেন একজন প্রখ্যাত শিক্ষাবিদ এবং রাজনীতিবিদ। তৎকালীন সিলেট বিভাগের কংগ্রেস সভাপতি এবং আসাম আইন পরিষদের সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বলে জানা যায়। ব্রিটিশবিরোধী রাজনৈতিক আন্দোলন, সিলেটের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা ও শিক্ষা বিস্তারে তাঁর অবদান অনস্বীকার্য। সিলেটকে আসাম থেকে পৃথক করে বাংলার সঙ্গে যুক্ত করার দাবিতেও তিনি সক্রিয় দায়িত্ব পালন করেন। সেই সাথে বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে তাঁকে কারাবরণও করতে হয়েছিল জানা যায়।

শুধু কি জমিদারি! ইন্টারনেট ঘেটে আর উইকিপিডিয়া তথ্যানুযায়ী, শিক্ষাক্ষেত্রেও জমিদার পরিবারের উল্লেখযোগ্য স্বাক্ষর রয়েছে বলে জানা যায়। ১৯১৯ সালে জমিদার সুখময় চৌধুরী ও ব্রজেন্দ্র নারায়ণ চৌধুরীর উদ্যোগে প্রতিষ্ঠিত ‘পাইলগাঁও ব্রজনাথ উচ্চ বিদ্যালয়’। তাঁদের জমিদারির আয় থেকে দীর্ঘদিন বিদ্যালয়টির ব্যয়ভার বহন করা হতো। এ ছাড়াও সিলেট শহরে অবস্থিত ‘রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়’ এবং ‘সিলেট সরকারি মহিলা কলেজ’ প্রতিষ্ঠার পেছনেও উদ্যোগ ছিলো জমিদার ব্রজেন্দ্র নারায়ণ চৌধুরীর।

তবে সময়ের সাথে জমিদারি প্রথা বা ব্যবস্থার অবসান ঘটেছে। দেশভাগ ও পরবর্তী রাজনৈতিক চিরন্তন বাস্তবতায় জমিদার পরিবারের অনেক সদস্য দেশত্যাগ করেন। একসময়কার কর্মচঞ্চল জমিদার বাড়িটি ধীরে ধীরে হারাতে থাকে তার প্রাণচাঞ্চল্য। একটা সময় ছিলো, অত্র অঞ্চলের মানুষের সুখ দুঃখ এখান থেকে শোনা হতো। পরিচালনা হতো অত্র অঞ্চলের মানুষের কৃষি কাজ থেকে শুরু করে ব্যবসাবাণিজ্য প্রভৃতি। নদীর ঘাটে ভিড়ত বড় বড় নৌকো। আজও জমিদার বাড়ির দেয়ালে লেগে আছে সেসব স্মৃতি চিহ্ন। তবে দীর্ঘদিনের অযত্ন ও অবহেলার কারণে ক্ষয় হয়ে যাচ্ছে বাড়িটির পুরোনো আস্তরণ। যে অট্টালিকা একসময় ছিল আভিজাত্যের প্রতীক। ঐতিহ্য আর সম্মানের চিহ্ন। আজ তার দেয়ালে দেয়ালে জমেছে সময়ের ক্ষতচিহ্ন। কোথাও শ্যাওলা জমেছে৷ কোথাও জন্মেছে অনামিকা বৃক্ষ। আর কোথাও পলেস্তারা খসে পড়েছে। কোথাও ইটের গাঁথুনি দুর্বল হয়ে গেছে অনেকাংশে। মূল ভবনের পাশে থাকা অন্য দু’টি ভবনের পুরোনো স্থাপনার বিভিন্ন অংশ ঝোপঝাড় ও লতাপাতায় ঢেকে গেছে। জঙ্গলে ভরে গেছে চারপাশ। ওই দু’টি ভবনের শেষ ভবনটি গাছের লতাপাতায় এতটাই আচ্ছাদিত যে, এখানে ভবন আছে বোঝা দায়। দিঘি, ঘাট ও বাড়ির অন্যান্য অংশও হারাচ্ছে পূর্বের অস্তিত্ব, সৌন্দর্য।

দিঘির একপাশে মূল ভবন। অন্যপাশে মন্দির। যেখানে একসময় বেজে উঠতো ঘণ্টা। টুংটাং শব্দ, শঙ্খের আওয়াজে নিস্তব্ধতা ভেঙে যেতো। সাতসকালে পুজোয় ব্যস্ত থাকতো পুরোহিত। শাঁখে ফুঁ দিতো বাড়ির নারীরা। এখন সেখানে শুধুই ধ্বসে যাওয়া মন্দিরের অবয়ব। আর অজ্ঞাত অনামিকা গাছপালা চারপাশ জুড়ে বেঁধেছে ঘর। ঝোপঝাড় সরিয়ে হয়তো দেখা যাবে পূর্বের কিঞ্চিৎ আবরণ।

বাড়িটির বেহাল অবস্থা দেখে স্থানীয় একজনের সাথে কথা বলে জানতে পারি। জমিদার বাড়ির অনেকাংশ জমি বেহাত হয়ে গেছে এবং বাড়িটি সংরক্ষণের বড়ই অভাব। আরও জানা যায়, দেখভাল করার জন্যে মানুষ আছে কিন্তু প্রকৃত অর্থে দেখভাল করা হয় না। যারফলে এটি হারিয়ে যেতে বসেছে। ভবনের বাইরের অন্যান্য জায়গায় কৃষি কাজ করা হয়। শাকসবজি ফলে আবাদি জমিতে। এছাড়াও স্থানীয় একজন বলেন, জমিদার বাড়ির বংশধরেরা মাঝেমধ্যে দেশের বাইরে থেকে এটি দেখতে আসেন। তারা শেষ স্মৃতি চিহ্নটুকু দেখে হয়তো দীর্ঘশ্বাস ফেলেন। আশ্চর্যের বিষয় হলো, এমন একটি জমিদার বাড়ি যা, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ইতিহাস জানাবে। অথচ নেই কোনো সংরক্ষণের মাথাব্যথা। এই বাড়িটির পুরো আঙিনাকে প্রত্নতাত্ত্বিক পর্যটনকেন্দ্র করার প্রয়োজন।
 

জমিদার বাড়ির এমন বেহাল দশা ও অযত্ন অবহেলার সাক্ষী হয়ে বেটুস সভাপতি আজিজুর রহিম খান মিজান বলেন,— ‘ইতিহাস ও ঐতিহ্যের এরকম একটি নিদর্শন এভাবে অনাদরে-অবহেলায় পড়ে থাকা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যর্থতা। বেটুস টিম এখন পর্যন্ত যতগুলো ঐতিহ্যবাহী জমিদার বাড়ি পরিদর্শন করেছে তার মধ্যে পাইলগাঁও জমিদার বাড়ি সবচেয়ে আকর্ষণীয় ও সুবিশাল। ভবনগুলোর নির্মাণশৈলী তৎকালীন আভিজাত্য ও স্থাপত্যকলার সঙ্গে আমাদের পরিচয় করিয়ে দেয়। ভবনগুলো সংরক্ষণ করে ও কিছু সংস্কারের মাধ্যমে এ স্থানকে পর্যটকদের নিকট আকর্ষণীয় করে তোলা সম্ভব। আমরা আশাবাদী প্রত্নতত্ত্ব সংরক্ষণ বিভাগ ও পর্যটন কর্তৃপক্ষ এটি সংস্কার, সংরক্ষণ ও পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করবেন।’

যথাযথ সংস্কার ও সংরক্ষণের উদ্যোগ নেওয়া হলে পাইলগাঁও জমিদার বাড়ি একটি ঐতিহাসিক পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলা সম্ভব। পাশাপাশি বাড়ির পুরোনো জিনিসপত্র, দলিল, ছবি ও জমিদার পরিবারের ব্যবহৃত যাবতীয় সামগ্রী সংরক্ষণের মাধ্যমে এখানে জাদুঘর প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া যেতে পারে। এতে শুধু এই পাইলগাঁও জমিদার বাড়ির যেমন ইতিহাস সংরক্ষিত হবে, অন্যদিকে স্থানীয় ইতিহাস ও ঐতিহ্যের নিদর্শন সৃষ্টি হবে। সেইসাথে পর্যটন ও অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।

আমাদের ফেরার সময় হয়েছে। কিন্তু মন তখনও বসে আছে জমিদার বাড়ির কোণে। মন চাচ্ছে খুঁটিনাটি বিষয় আরও খুঁটিয়ে পর্যবেক্ষণ করি। আমরা বাড়ির বিভিন্ন বিষয়াদি নিয়ে আলোচনা করছি। দিঘি ঘাট। বাড়ির দেয়ালের ঘনত্ব। এখনো শীতল বাড়ি। বিভিন্ন দেয়াল চিত্র। এছাড়াও বিশাল আঙিনা। এমন সময় বেটুসের অন্যতম সদস্য ও সিনিয়র সহ-সভাপতি সানু উদ্দিন রুবেল বলেন,— ‘পাইলগাঁও জমিদার বাড়ির মতো ঐতিহাসিক স্থাপনা দেখলে সত্যিই আফসোস হয়। এত সুন্দর স্থাপনাগুলো অযত্ন-অবহেলায় ধ্বংস হয়ে যাচ্ছে। সরকারের উচিত এসব স্থাপনা সংস্কার ও সংরক্ষণ করে পর্যটকদের জন্য উন্মুক্ত করা। নামমাত্র প্রবেশমূল্য নির্ধারণ, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জন্মদিন কিংবা পারিবারিক অনুষ্ঠানের জন্য নির্দিষ্ট অংশ ভাড়া দেওয়ার ব্যবস্থা করা যেতে পারে। এতে রাজস্ব আয় হবে, পাশাপাশি রক্ষণাবেক্ষণও সহজ হবে এবং ইতিহাস সম্পর্কেও মানুষ জানতে পারবে। যা আমাদের প্রতিবেশী দেশ ভারত করে থাকে।’
 

তিনশত বছরেরও বেশি সময়ের ইতিহাস বুকে নিয়ে স্বতন্ত্র ধারায় কুশিয়ারা নদীর তীরে আজও অটল, অনড় দাঁড়িয়ে আছে পাইলগাঁও জমিদার বাড়ি। সময়ের সাথে সাথে বদলে গেছে অনেক কিছু। হারিয়ে গেছে জমিদারি আভিজাত্য। পরিবর্তন ঘটেছে মানুষের জীবনযাত্রার। কিন্তু রয়ে গেছে পুরোনো অট্টালিকা, দিঘি, ঘাট, মন্দির আর অসংখ্য ইতিহাসের স্মৃতিচিহ্ন। আজও জমিদার বাড়ির নিঃশব্দ দেয়ালগুলো যেন অতীতের গৌরব, ঐতিহ্য আর ইতিহাসের গল্প বলে। প্রয়োজন শুধু এই ইতিহাসকে আগামী প্রজন্মের জন্য যথাযথভাবে সংরক্ষণ করা।

কীভাবে যাবেন —
দেশের যে কোন প্রান্ত থেকে সিলেট শহরে আসতে হবে। তারপর সেখান থেকে বাস বা সিএনজিযোগে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও বাজার। পাইলগাঁও বাজার থেকে রিকশা যোগে বা কয়েক মিনিট পায়ে হেঁটে জমিদার বাড়িতে পৌঁছাতে পারবেন।

 

লেখক: ইমরান ইমন, এক্সিকিউটিভ অফিসার, দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি। প্রাক্তন সভাপতি, এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি। প্রাক্তন সভাপতি, মোহনা সাংস্কৃতিক সংগঠন, এমসি কলেজ, সিলেট।