সুনামগঞ্জের দিরাই উপজেলার বরাম হাওরের চাতল বিল নামক জলমহালে বিষ দিয়ে বিভিন্ন প্রজাতির প্রায় ১০ লক্ষ টাকার মাছ নিধন করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা।

শনিবার (৫ মার্চ) সকালে উপজেলার বরাম হাওরের চাতল বিল এ ঘটনাটি ঘটে।


এ ঘটনায় দিরাই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

স্থানীয় লোকজন সূত্রে জানা যায়, দিরাই পৌর সদরের চন্ডিপুর গ্রাম সংলগ্ন চাতল বিল জলমহালটি ভাই ভাই মৎসজীবি সমবায় সমিতি ১৪২৭ বাংলা সন থেকে ৬ বছরের ইজারা নিয়ে গতবছর পাইল দিয়ে এবছর ফিশিং করছিল। শনিবার ৫ মার্চ সকালে বিলের পানিতে অসংখ্য মরা মাছ ভেসে থাকতে দেখেন স্থানীয়রা।

উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও চাতল বিল জলমহালের চুক্তিভিত্তিক ইজারাদার উজ্জ্বল মিয়া বলেন, গতবছর ১৪মন ও এবছর মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে আরও ১০ মন মাছের পোনা বিলে ছাড়া হয়েছে। পাইল বিল হওয়ায় একেকটি মাছ ৩-৪ কেজি ওজনের ছিল। আজ (শনিবার) সকালে গিয়ে দেখি রুই, কাতল, বিগহেড, কার্ফুসহ বিভিন্ন প্রজাতির মাছ মরে বিলের পানিতে ভাসছে। লোকজন নিয়ে ৩-৪শ মরা মাছ একত্রিত করেছি। বেশীরভাগ মাছ ডিমওয়ালা ছিল।

তিনি বলেন, অনেক মরা মাছ এখনো পানিতে ভাসমান ও তলানো আছে। ধারণা করছি এ পর্যন্ত অন্ততঃ দশ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে। বিষক্রিয়া কাটাতে এখন আবার হাজার হাজার ওষুধ বিলের পানিতে দিতে হচ্ছে।

তিনি বলেন, আমাদের ক্ষতি করার উদ্দেশ্য বিষ প্রয়োগ করে এ ঘটনা ঘটিয়েছে প্রতিপক্ষ।

দিরাই থানার অফিসার ইনচার্জ আজিজুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।


সিলেটভিউ২৪ডটকম/এইচপি/এসডি-২০