মৌলভীবাজার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন এর নেতৃত্বে ও র্যাব-৯ ফোর্সের সহযোগিতায় কুলাউড়ায় তেলসহ নিত্যপণ্যের বাজারে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রমে জরিমানা করা হয়েছে।
রবিবার (৬ মার্চ) দুপুরে কুলাউড়া উপজেলার মনসুর রোড, দক্ষিণ বাজার, মাছ বাজারসহ বিভিন্ন জায়গায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে মেয়াদ উত্তীর্ণ খাদ্য ও ঔষধ বিক্রয় করা, দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করা, অতিরিক্ত দামে নিত্যপ্রয়োজনীয় খাদ্য পণ্য বিক্রয় করা, ওজনে কম দেওয়া, তেলের সাথে অন্যান্য পণ্য কিনতে বাধ্য করাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে মনসুর রোডে অবস্থিত সাঈদ স্টোরকে ৩ হাজার টাকা, এলি স্টোরকে ১ হাজার টাকা, দক্ষিণ বাজারে অবস্থিত রুজি এন্টারপ্রাইজকে ২ হাজার টাকা, মজুমদার ফার্মেসিকে ৪ হাজার টাকা, মাছের বাজারে অবস্থিত আক্কেল আলির মাছের দোকানকে ১ হাজার ৫ শত টাকা জরিমানাসহ মোট ৫টি প্রতিষ্ঠানকে ১১ হাজার ৫ শত টাকা জরিমানা করে আদায় করা হয়।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে সহকারী পরিচালক মো. আল-আমিন জানান, নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী ন্যায্যমূল্য প্রাপ্তি এবং নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিতকরণে ভোক্তা অধিদপ্তরের তদারকি অভিযান অব্যাহত থাকবে।
সিলেটভিউ২৪ডটকম/এসআরএসি/এসডি-২২




