হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপি বলেছেন, ১৯৭১ সালের ৭ই মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বজ্রকণ্ঠে রচনা করেছিলেন মুক্তির মহাকাব্য। ঐতিহাসিক সে ভাষণ নিরস্ত্র বাঙালি জাতিকে রাতারাতি সশস্ত্র জাতিতে পরিণত করেছিল।
সোমবার (৭ মার্চ) নবীগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত ৭ মার্চ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
গাজী মোহাম্মদ শাহনওয়াজ বলেন, ৭ই মার্চের ভাষণ কোন সাধারণ জনসভার ভাষণ ছিল না। এটি ছিল স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত বাঙালি জাতির উদ্দেশ্যে জাতীয় মুক্তি তথা স্বাধীনতার লক্ষ্য অর্জনে বঙ্গবন্ধুর লড়াইয়ের চূড়ান্ত আহ্বান। এই ভাষণে ছিল আসন্ন মুক্তিযুদ্ধের সর্বাত্মক প্রস্তুতি গ্রহণের পূর্ণ দিক-নির্দেশনা। এ ভাষণ প্রকৃত অর্থেই ছিল বাঙালির স্বাধীনতার ঘােষণা। বাঙালির জাতীয় মুক্তির লক্ষ্যে হাজার বছর ধরে লালিত আশা-আকাঙ্ক্ষা, আন্দোলন-সংগ্রাম, স্বপ্ন ও স্বপ্ন রূপায়ণের এক নিখুঁত পরিকল্পনা এই ভাষণ।
তিনি আরও বলেন, উপস্থিত লক্ষ লক্ষ মুক্তিকামী জনতা সেদিন বঙ্গবন্ধুর ইঙ্গিত বুঝে পরবর্তী কর্তব্য নির্ধারণ করে নিয়েছিলেন। তারই প্রত্যক্ষ ফসল দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী লড়াইয়ের মধ্য দিয়ে অর্জিত লাল-সবুজের স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ।
৭ই মার্চ শুধু আমাদের জাতীয় জীবনে নয়, বিশ্ব-ইতিহাসেও এক মহিমান্বিত দিন। কারণ বঙ্গবন্ধুর এই ঐতিহাসিক ভাষণ আজ জাতিসংঘের ইউনেস্কো স্বীকৃত বিশ্ব-ঐতিহ্য দলিল। এ স্বীকৃতি বাঙালি জাতির জন্যে এক বিরল সম্মান ও গৌরবের স্মারক।
নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিনের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,নবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম,নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি গিয়াস উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী,বীরমুক্তিযোদ্ধা নুর উদ্দিন আহমদ, জালাল সিদ্দিকী, নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ, নবীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ ডালিম আহমদ, নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক ওবায়দুল কাদের হেলাল, নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, নবীগঞ্জ থানা প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক উত্তম কুমার দাশ হিমেল।
এসময় উপস্থিত ছিলেন, সদর ইউনিয়ন চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, পৌর স্বেচ্ছাসেবক লীগ নেতা ইকবাল আহমদ বেলাল, দিপন ধর, ছাত্রলীগ নেতা এটিএম রুবেল সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারী , আওয়ামী লীগ, ছাত্রলীগ সহ সংগঠনের প্রমুখ নেতৃবৃন্দ।
সিলেটভিউ২৪ডটকম/যীশু/পিডি




