বেসরকারী উন্নয়ন সংস্থা এথনিক কমিউনিটি ডেভেলাপমেন্ট অর্গানাইজেশন (একডো) এর উদ্যোগে বিনামূল্যে শিক্ষা উপকরণ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

সিলেট সদর উপজেলার মিলনায়তনে লাক্কাতুরা, মালনী ছড়া, কেওয়া ছড়া, দলদলি চা-বাগানের চা শ্রমিক ও খাদিমনগর ইউনিয়নের আলাইবহর গ্রামের পাত্র নৃতাত্তিক জনগোষ্ঠীর শিশুদের বিনামূল্যে শিক্ষা উপকরণ এবং স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।


একডো’র নির্বাহী পরিচালক লক্ষীকান্ত সিংহের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত আজমেরী হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল জলিল তালুকদার, টুকেরবাজার ইউনিয়ন পরিষদ সদস্য আবুল কাশেম খালেদ এবং সদস্যা দিপালী গোয়ালা।

অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি বলেন, একডো কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানটি খুবই গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠান। কারণ কোভিড-১৯ এর কারণে দীর্ঘদিন বিদ্যালয় বন্ধ থাকার পর সংস্থাটি এই এলাকার পিছিয়ে পড়া চা শ্রমিক এবং পাত্র জনগোষ্ঠীর শিশুদের জন্য শুধু শিক্ষা উপকরণ নয়, বরং কোভিডকালীন শিশুদের স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করে শিক্ষা উপকরণের পাশাপাশি স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীও বিতরণ করছে।

দেশে বর্তমানে কোভিড পরিস্থিতি ক্রমশ: উন্নতির দিকে যাচ্ছে উল্লেখ করে তিনি আরও বলেন, তবু আমাদের সবাইকে যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে বিদ্যালয়সহ সবজায়গায় যাতায়াত করা অতি জরুরী।

বিশেষ অতিথির বক্তব্যে শিক্ষা কর্মকর্তা আব্দুল জলিল তালুকদার বলেন, চা-শ্রমিক এবং পাত্র নৃতাত্তিক জনগোষ্ঠীসহ সবার উন্নতি নিশ্চিত করতে হলে শিক্ষার কোন বিকল্প নেই। তাই তিনি স্থানীয় চা-বাগানগুলোতে বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য স্থানীয় চা-শ্রমিক নেতৃবৃন্দকেই এগিয়ে আসার আহবান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে ইউপি সদস্য আবুল কাশেম খালেদ এবং দিপালী গোয়ালা চা-শ্রমিক শিশুদের শিক্ষা সহায়তা নিয়ে এগিয়ে আসার জন্য আয়েজক সংস্থা একডো’কে ধন্যবাদ জানান।

পরে উপস্থিত অতিথিগণ দেড়শতাধিক চা-শ্রমিক এবং পাত্র শিক্ষার্থীদের বিনামূল্যে শিক্ষা উপকরণের পাশাপাশি হাত ধোয়ার সাবান, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার এবং বিদ্যালয়ে হাত ধোয়ার জন্য পানি রাখার কন্টেইনার বিতরণ করে।

 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-৩৪