সিলেটের বিয়ানীবাজার উপজেলার কুশিয়ারার নদীতে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। নদীর পানিতে তলিয়ে যাওয়ার প্রায় তিন ঘন্টা পর বিয়ানীবাজার ফায়ার অ্যান্ড ডিফেন্স সার্ভিসের দায়িত্বশীলরা শিশুটির মরদেহ উদ্ধার করেন।
নিহত শিশু নাদিয়া বেগম (৮) উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের বৈরাগীবাজারের আরিজখাটিলা এলাকার তোতা মিয়ার কন্যা। ফায়ার সার্ভিসের ডুবুড়িরা বিকাল ৫টার দিকে নদী থেকে তার মরদেহ উদ্ধার করে।
স্থানীয়রা জানান, দুপুরে নদীতে গোসল করতে আসে দুই শিশু। নিহত নাদিয়া পানিতে নেমে আর উঠে আসেনি। লোকমুখে শোনে নাদিয়ার মা ছুটে এসে মেয়েকে উদ্ধার করতে নদীতে নেমে পড়েন। স্থানীয় অনেকেই ডুব দিয়ে মেয়েটিকে উদ্ধারের চেষ্টা করেন। খবর পেয়ে বিয়ানীবাজার থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের ডুবুড়ি দল ঘটনাস্থলে গিয়ে প্রায় তিন ঘন্টার প্রচেষ্টায় নাদিয়ার মৃতদেহ উদ্ধার করেন।
সিলেটভিউ২৪ডটকম/এটিআর/পিডি




