প্রায় দুই বছর পর সিলেটে এসেছেন সাবেক অর্থমন্ত্রী, সিলেট-১ আসনের দুইবারের সাংসদ ও বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আবুল মাল আব্দুল মুহিত। দীর্ঘদিন পর তাঁকে কাছে পেয়ে আপ্লুত দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। সোমবার (১৪ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টায় একটি ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। এসময় তাঁকে ফুল দিয়ে অভ্যর্থনা জানানো হয়। প্রায় দুই বছর পর সিলেট ফিরে দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় সিক্ত হন বর্ষীয়ান এই ব্যক্তি।
রাত সোয়া আটটার দিকে বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জে আবুল মাল আবদুল মুহিতকে ফুল দিয়ে বরণ করে নেন সিলেট মহানগর ও জেলা আওয়ামী লীগ এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এসময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি, সংসদ সদস্য শামীমা শাহরিয়ারসহ উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগ সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সহ সভাপতি আসাদ উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আশফাক আহমদ, অধ্যক্ষ সুজাত আলী রফিকসহ যুবলীগ, ছাত্রলীগের নেতারা।
সিলেট ভিউ'র খবর নিয়মিত পেতে
দিয়ে যুক্ত থাকুন
এর আগে সাবেক অর্থমন্ত্রী মুহিতকে অভ্যর্থনা জানাতে আগে থেকেই এমএজি ওসমানী বিমানবন্দরে অপেক্ষারত ছিলেন সিলেট আওয়ামী লীগের শীর্ষ নেতারা। দীর্ঘদিন পর তাঁকে কাছে উচ্ছ্বসিত হন তারা।
এসময় আবুল মাল আবদুল মুহিত তাদের সাথে কুশল বিনিময়ের পাশাপাশি তার সুস্থতার জন্য যারা দোয়া ও প্রার্থনা করেছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা জানান।
রাত সাড়ে আটটায় সেখান থেকে সিলেট নগরীর ধোপাদিঘীরপাড়স্থ হাফিজ কমপ্লেক্সের বাসায় যান সাবেক অর্থমন্ত্রী মুহিত। সেখানেও তাঁকে অভ্যর্থনা জানাতে জড়ো হন দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এর আগে গেল ৫ মার্চ শারীরিক অসুস্থতা নিয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে । সেখানে সপ্তাহখানেক চিকিৎসা নিয়ে বাসায় ফিরেন তিনি।
সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের পারিবারিক সূত্র জানায়, দীর্ঘদিন ধরে তিনি সিলেটে আসার ইচ্ছাপোষণ করছিলেন। কিন্তু শারীরিক অবস্থা ও করোনা পরিস্থিতির কারণে তাঁকে নিয়ে সিলেটে আসা হচ্ছিলো না। এখন শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হওয়ায় চারদিনের সফরে সিলেট আসলেন তিনি।
সিলেটভিউ২৪ডটকম/পিডি




