ইন্ডিয়ান জার্নালিস্ট ইউনিয়নের সহসভাপতি, আসাম জার্নালিস্ট ইউনিয়ন ও ইন্দো-বাংলা জার্নালিস্ট ফোরামের সভাপতি গীতার্থ পাঠক বলেছেন, ‘বাংলাদেশ-ভারতের মধ্যে রয়েছে এক সুগভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। এ সম্পর্ককে আরও জোরদার করার লক্ষ্যে ২০১৯ সাল থেকে যাত্রা শুরু করেছে ইন্দো-বাংলা জার্নালিস্ট ফোরাম (আইবিজেএফ)। এ সংগঠনের মূল লক্ষ্য ও উদ্দেশ্যে হচ্ছে দুই দেশের সাংবাদিকদের মধ্যে অভিজ্ঞতা বিনিময়, পারস্পরিক সম্পর্কের উন্নয়ন, প্রশিক্ষণ কর্মশালার আয়োজন, দুই দেশের মধ্যে ভ্রমণ আয়োজন, নিজ নিজ দেশকে সঠিকভাবে উপস্থাপন করা ইত্যাদি। এ লক্ষ্যেই কাজ করছি আমরা। এই সংগঠনের সাথে দুটি দেশের নবীন-প্রবীণ অভিজ্ঞ সাংবাদিকরা সম্পৃক্ত আছেন।’

রোববার সন্ধ্যায় রাজধানী ঢাকার তোপখানা রোডে জাতীয় প্রেসক্লাবের দ্বিতীয় তলায় আইবিজেএফ’র বাংলাদেশ চ্যাপ্টারের প্রথম সভায় সভাপতির বক্তব্যে ফোরামের সভাপতি গীতার্থ পাঠক এসব কথা বলেন।


সভায় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ হাদি, জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য শাহনাজ বেগম পলি, কোষাধ্যক্ষ নাসরিন গীতি, ডেইলি সাউথ এশিয়ান টাইমসের সম্পাদক ও প্রকাশক দ্বীপক আচার্য্য, বাংলাদেশ সংবাদ সংস্থা সিনিয়র সাংবাদিক মো. শওকত আলী, ঢাকা পোস্টের প্রধান প্রতিবেদক পার্থ সারথী দাস, আইবিজেএফ’র পরিবেশ বিষয়ক সম্পাদক ও সিলেট জেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মিসবাহ উদ্দীন আহমদ, সদস্য মনিরুজ্জামান মনির, হাফিজ বাবু, আতিক বাবু, সিলেট জেলা প্রেসক্লাবের আইসিটি সেক্রেটারি সুলতান আহমদ সুমন প্রমুখ।

এদিকে, সোমবার দুপুরে সিলেটের তামাবিল সীমান্ত দিয়ে ভারতে ফিরে গেছেন সাংবাদিক গীতার্থ পাঠক। এরআগে তিনি গত ৭ মার্চ স্বপরিবারে বাংলাদেশে ঘুরতে এসেছিলেন। তিনি বাংলাদেশে অবস্থানকালীন সময়ে সেন্ট মার্টিন, কক্সবাজার, সিলেট এবং সর্বশেষ রাজধানী ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ভ্রমণ করেন।


সিলেটভিউ২৪ডটকম / স.বি / ডি.আর