সিলেটে ব্যতিক্রম ও বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে ইতিহাসের মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উদযাপন করেছে জাতীয় শিশু কিশোর সংগঠন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা।

 


বৃহস্পতিবার (১৭ মার্চ) বঙ্গবন্ধুর ১০২তমজন্মবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, আলোচনা সভা, কেক কাটা এবং শিশুদের শিক্ষা উপকরণ বিতরণ কর্মসূচির আয়োজন করে এ সংগঠন।

দিবসটি পালন উপলক্ষে শুরুর কর্মসূচি হিসেবে এমসি কলেজে নির্মিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর‌্যালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে সিলেট নগরীর কুশিঘাটস্থ ইনুর স্কুলের প্রাক-প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের নিয়ে আয়োজন করা হয় বর্ণিল অনুষ্ঠান।

দুপুর বারোটায় বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে কেক কাটার আগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় সম্মানিত অতিথি হিসেবে অংশ নেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেল, কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সিলেট জেলা শাখার সভাপতি ফয়ছল আহমদ, আওয়ামী লীগ নেতা পায়েল আহমদ।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিলেট মহানগর শাখার সভাপতি আলী আশফাক। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক পিংকু ধর।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বঙ্গবন্ধু ও বাংলাদেশের স্বাধীনতা একই সুত্রে গাঁথা। বঙ্গবন্ধুর জন্ম মানে বাংলাদেশের জন্ম। তিনিই মুক্তিকামী বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন। মুক্ত করেছেন পরাধীনতার শৃঙ্খল। ঘাতকরা বঙ্গবন্ধুকে হত্যা করলেও তাঁর আদর্শকে হত্যা করতে পারেনি। কর্মগুণে ও আদর্শে তিনি বেঁচে থাকবেন। তাঁর আদর্শ আলো ছড়াবে প্রজন্ম থেকে প্রজন্মান্তর।

বক্তারা আরও বলেন, বঙ্গবন্ধু শিশুদের খুব ভালোবাসতেন। বঙ্গবন্ধু সারাটা জীবন বাংলার কৃষক শ্রমিক, গরীব দুঃখি মানুষকে ভালোবেসে গেছেন। তিনি বেঁচে থাকলে তার বয়স হতো একশ’ দুই বছর। তাঁর যোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজকের উন্নয়নশীল বাংলাদেশকে দেখলে তিনি আনন্দিত হতেন।

আলোচনা সভা শেষে কোমলমতি শিশুদের নিয়ে কেক কাটেন অতিথিরা। কেক ও মিষ্টিমুখ করান তাদের। পরে শিশুদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের মহানগর শাখার সহ-সভাপতি তুহিন আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ইসলাহ উদ্দিন মাহবুব, শাকিল জামান, আবুল হাসান চৌধুরী, মারুফ আহমদ, ইমদাদুল ইসলাম পাপ্পু, জাহিদুল ইসলাম, আব্দুল কাদির ইমন প্রমুখ।

সমগ্র আয়োজনে সার্বিক সহযোগিতা করেন সিলেটভিউ ইনু সিটি স্যাটেলাইট স্কুলের ইমতিয়াজ রহমান ইনু।

সিলেটভিউ২৪ডটকম/পিডি