সিলেট-ঢাকা মহাসড়কে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। শনিবার (১৯ মার্চ) সকাল পৌনে ৭টার দিকে মহাসড়কের মাধবপুর পৌরসভার জালালাবাদ গ্যাস ফিল্ডের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার আন্দিউরা ইউনিয়নের বারাচান্দুরা গ্রামে নফিল উদ্দিনের ছেলে মফিজুল মিয়া (৩০), আন্দিউরা ইউনিয়নের মুরাদপুর গ্রামে মৃত মালেক মিয়া ছেলে মাছ ব্যবসায়ী আমসু মিয়া (২৮) ও অটোরিকশা চালক পূর্ব মাধবপুর গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে মোঃ সামাদ আলী (৪৫)।
পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার সকাল পৌনে সাতটার দিকে ঢাকা থেকে সিলেটগামী একটি ট্রাক ও বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গিয়ে মফিজুল মিয়া ঘটনাস্থলেই মারা যান।
মাধবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা আশংকাজনক অবস্থায় অটোরিকশা চালক সামাদ আলী ও আমসু মিয়াকে উদ্ধার করে প্রথমে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং সেখান থেকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপালে প্রেরণ করা হয়। ওসমানী হাসপাতাল আসার পথে সামাদ আলী মারা যান। আমসু মিয়াকে ওসমানী হাসপাতালের চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাইনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্হলে গিয়ে মালবাহী ট্রাক ও অটোরিকশা আটক করেছে। ট্রাক আটক করা হলেও চালক পালিয়ে গেছে।
সিলেটভিউ২৪ডটকম/পিডি




