নিজস্ব প্রতিবেদক, বড়লেখা:: মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় রোববার (২০ মার্চ) থেকে টিসিবি'র পণ্য বিক্রয় শুরু হবে। এতে উপজেলার ৪ হাজার ১ পরিবার টিসিবির পণ্য ক্রয় করতে পারবে। এরই মধ্যে তাদের তালিকা তৈরি করা হয়েছে। প্রতিটি পরিবার ১১০ টাকা দামে ২ লিটার সয়াবিন তেল, ৫৫ টাকা দামে ২ কেজি চিনি ও ৬৫ টাকা দামে ২ কেজি মসুর ডাল কিনতে পারবে। 

শুক্রবার রাতে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মুদাচ্ছির বিন আলী। উপজেলা পরিষদ সভাকক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জাহাঙ্গীর হোসেন উপস্থিত ছিলেন।


সংবাদ সম্মেলনে ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলী জানান, আসন্ন রমজান মাস উপলক্ষে সারা দেশে তৃণমূল পর্যায়ে ১ কোটি মানুষকে টিসিবি'র পণ্য পৌঁছে দেওয়া হবে। এরই অংশ হিসেবে বড়লেখা উপজেলায় ৪ হাজার ১ পরিবার সাশ্রয়ী মূল্যে টিসিবি'র পণ্য সামগ্রী ক্রয় করতে পারবে। একটি পরিবার দুই দফায় এসব পণ্য পাবে। এরই মধ্যে তাদের তালিকা আমরা তৈরি করেছি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বড়লেখা পৌরসভার ১৩৫২ পরিবার, উপজেলার বর্ণি ইউপির ২৪২ পরিবার, দাসেরবাজার ইউপির ২৫৫ পরিবার, নিজবাহাদুরপুর ইউপির ২৫০ পরিবার, উত্তর শাহবাজপুর ইউপির ২৯৫ পরিবার, দক্ষিণ শাহবাজপুর ইউপির ২৭৮ পরিবার, বড়লেখা সদর ইউপির ২৮০ পরিবার, তালিমপুর ইউপির ২৯১ পরিবার, দক্ষিণভাগ উত্তর ইউপির ২৩৬ পরিবার, সুজানগর ইউপির ২৩২ পরিবার ও দক্ষিণভাগ দক্ষিণ ইউপির ২৯৩ পরিবার টিসিবির পণ্য ক্রয় করতে পারবে।

সিলেটভিউ২৪ডটকম/লাভলু