ছবি: ফাইল ছবি।
বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি শুক্রবার (২০ নভেম্বর) এক দিনের সফরে সিলেট আসছেন। সফরকালে তিনি সরকারি অনুদান বিতরণ, রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের পাশাপাশি বিভিন্ন সংগঠনের নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রীর দপ্তর থেকে প্রকাশিত সরকারি সফরসূচি অনুযায়ী, শুক্রবার দুপুর ১২টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন মন্ত্রী।
সফরের শুরুতে বিকেল ৩টায় সিলেট জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে সিলেট সিটি করপোরেশন এলাকার সাতটি জটিল রোগে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে এককালীন সরকারি অনুদান বিতরণ করবেন তিনি। ক্যানসার, কিডনি রোগ, লিভার সিরোসিস, প্যারালাইসিস, হৃদ্রোগ, লিউকেমিয়া ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত উপকারভোগীদের মধ্যে বিইএফটিএন পদ্ধতিতে এ অনুদান বিতরণ করা হবে।
এরপর বিকেল ৪টায় সিলেট মহানগর বিএনপির কার্যালয়ে প্রধানমন্ত্রী জন্মদিন উপলক্ষে মহানগর বিএনপি আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় অংশ নেবেন খন্দকার আব্দুল মুক্তাদির।
সন্ধ্যা ৬টায় সিলেট জেলা ও মহানগর জাসাসের নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি। এরপর সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে সিলেট জেলা আইনজীবী সমিতির ভবন নির্মাণসংক্রান্ত একটি বৈঠকে অংশ নেবেন। একই স্থানে সন্ধ্যা সাড়ে ৬টায় ১৫ জন শিক্ষার্থীর মধ্যে চেক বিতরণ করবেন মন্ত্রী। এসব কর্মসূচি সিলেট সার্কিট হাউসে অনুষ্ঠিত হবে।
সফরের শেষ পর্যায়ে সন্ধ্যা ৭টায় সানরাইজ কমিউনিটি সেন্টারে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে প্রধানমন্ত্রী জন্মদিন উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেবেন তিনি। দিনব্যাপী কর্মসূচি শেষে রাতেই ঢাকার উদ্দেশে সিলেট ত্যাগ করার কথা রয়েছে বাণিজ্যমন্ত্রীর।
বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) স্বাক্ষরিত ১৯ নভেম্বরের সরকারি সফরসূচিতে এসব তথ্য উল্লেখ করা হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া-১৫




