ছবি: এআই।

সিলেটের উচ্চশিক্ষা ও প্রযুক্তিগত শিক্ষার প্রসারে নতুন সম্ভাবনার দ্বার খুলতে যাচ্ছে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ। প্রতিষ্ঠানটিকে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে সরকারের সংশ্লিষ্ট পর্যায়ে কাজ শুরু হয়েছে। পরিকল্পনাটি বাস্তবায়িত হলে সিলেটের উচ্চশিক্ষার ক্ষেত্রে নতুন মাত্রা যুক্ত হওয়ার পাশাপাশি প্রকৌশল ও প্রযুক্তি শিক্ষার আরও বিস্তৃত সুযোগ তৈরি হবে।

 


বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী এ তথ্য জানিয়েছেন। 

 

তিনি বলেন, ‘সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের বিষয়ে সরকারের সংশ্লিষ্ট পর্যায়ে কাজ চলছে। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরও এ উদ্যোগ বাস্তবায়নে কাজ করছেন। আশা করা হচ্ছে, অল্প সময়ের মধ্যেই এ বিষয়ে কার্যকর পদক্ষেপ দৃশ্যমান হবে।’

 

আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘সিলেটকে আধুনিক শিক্ষা নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। এ অঞ্চলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ বেশ কয়েকটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এর সঙ্গে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ বিশ্ববিদ্যালয়ে উন্নীত হলে উচ্চশিক্ষা ও প্রযুক্তিনির্ভর শিক্ষার বিকাশ আরও ত্বরান্বিত হবে।’

 

কলেজটির প্রতিষ্ঠার পটভূমি তুলে ধরে তিনি বলেন, ‘সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠার পেছনে বিএনপি সরকারের উচ্চপর্যায়ের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। একসময় দেশের চারটি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছিল। ওই প্রক্রিয়ার সময় সিলেটে এ ধরনের কোনো প্রতিষ্ঠান না থাকায় তৎকালীন অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম. সাইফুর রহমান এ অঞ্চলে একটি ইঞ্জিনিয়ারিং শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার নির্দেশনা দেন। পরবর্তী সময়ে সেই সিদ্ধান্তের ধারাবাহিকতায় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠিত হয়। নানা সীমাবদ্ধতা অতিক্রম করে প্রতিষ্ঠানটি আজ একটি পূর্ণাঙ্গ ইঞ্জিনিয়ারিং কলেজ হিসেবে গড়ে উঠেছে।’

 

তিনি আরও বলেন, ‘একটি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের প্রক্রিয়া সময়সাপেক্ষ। এ ক্ষেত্রে প্রশাসনিক ও আইনগত বিভিন্ন ধাপ অনুসরণ করতে হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনের পাশাপাশি পরবর্তী সময়ে সংসদে আইন পাসের বিষয়টিও রয়েছে। একই সঙ্গে শিক্ষকদের পদমর্যাদা, চাকরির কাঠামো ও সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। রূপান্তরের প্রক্রিয়ায় বর্তমান শিক্ষকরা যাতে কোনো ধরনের জটিলতার মুখে না পড়েন, সে বিষয়েও বিশেষ নজর দেওয়া হচ্ছে।’

 

কলেজের অবকাঠামো ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন প্রসঙ্গে সিসিক প্রশাসক বলেন, ‘শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে প্রায় ৩০ কোটি টাকা ব্যয়ে একটি দৃষ্টিনন্দন সড়ক নির্মাণ করা হয়েছে। সড়কটিতে স্ট্রিট লাইট স্থাপনের বিষয়টিও বিবেচনায় রয়েছে। আগামীকাল সড়কটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। শিক্ষার্থীদের যাতায়াত আরও সহজ ও নিরাপদ করতে সিটি করপোরেশন প্রয়োজনীয় উদ্যোগ অব্যাহত রাখবে। সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করা শিক্ষার্থীরা ভবিষ্যতে সিলেটের উন্নয়ন ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।’

 

কলেজের অধ্যক্ষ ড. মো. সাহিদ ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক মাসুদুর রহমান। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান মো. আবু নাসের মজুমদার। এ সময় কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা নিজেদের বক্তব্য ও মতামত তুলে ধরেন।

 

মতবিনিময় সভা শেষে সিসিক প্রশাসক কলেজের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে কলেজের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া-১২