ছবি: সিলেটভিউ।
দীর্ঘদিনের দখল ও মাটি ভরাটে অস্তিত্ব সংকটে পড়েছে হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঐতিহ্যবাহী কাটেঙ্গা বিল। বিলটি রক্ষায় সরেজমিনে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত ইউএনও মেহেদী হাসান ও এসিল্যান্ড মৈত্রী রায়ের নেতৃত্বে বিলের সরকারি জমি চিহ্নিত করে চারপাশে লাল পতাকা স্থাপন করা হয়।
প্রশাসন সূত্রে জানা গেছে, বিলের সরকারি জমি পুনরুদ্ধার, খনন, পানির স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা এবং পাখি ও জলজ প্রাণীর নিরাপদ আবাসস্থল নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি বিলটিকে পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।
মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নে প্রায় সাড়ে ১১ একর আয়তনের কাটেঙ্গা বিলটির অবস্থান। সাতছড়ি ও তেলমাছড়া বনের কাছাকাছি হওয়ায় একসময় দেশি-বিদেশি পাখি ও দেশীয় মাছের বিচরণে মুখর ছিল বিলটি। তবে দখলদারদের কারণে বিলটি ধ্বংসের পথে।
বিলটি রক্ষায় উপজেলা প্রশাসনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা।
ইউএনও মেহেদী হাসান বলেন, কাটেঙ্গা বিল নিয়ে প্রশাসনের আগে থেকেই পরিকল্পনা রয়েছে। বিলের সরকারি জমি চিহ্নিত করা হয়েছে। জীববৈচিত্র্য, মৎস্যসম্পদ ও সরকারি সম্পদ রক্ষায় সমন্বিত উদ্যোগ নেওয়া হবে। এ বিষয়ে আরও নতুন পরিকল্পনা রয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/শামীম/মআস-০৭




