ছবি : আহমদ শাহীন

আগামীকাল সোমবার (২১ মার্চ) সিলেট জেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিল হওয়ার কথা ছিলো। সিলেট আলিয়া মাদরাসা মাঠে সোমবার সকালে সম্মেলন ও দুপুর থেকে কাউন্সিলরদের ভোট প্রদানের সময় নির্ধারণ করেছিলেন নেতৃবৃন্দ। সব ঠিকঠাক থাকলে, সোমবার কাউন্সিলররা গোপন ভোটের মাধ্যমে জেলা বিএনপির শীর্ষ ৩টি পদে নেতা নির্বাচন করতেন।

কিন্তু হঠাৎ করে আগের দিন (আজ রবিবার) দুপুর ১টার দিকে কেন্দ্রের নির্দেশে এই সম্মেলন ও কাউন্সিল স্থগিত করা হয়েছে। বিষয়টি সিলেটভিউ-কে নিশ্চিত করেছেন জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার।


কী কারণে হঠাৎ এমন সিদ্ধান্ত? এমন প্রশ্নের সুস্পষ্ট কোনো উত্তর আনুষ্ঠানিকভাবে না মিললেও নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র সিলেটভিউ-কে জানিয়েছে, বিয়ানীবাজার উপজেলা বিএনপির নতুন কমিটি নিয়ে দ্বন্দ্বের কারণে জেলার সম্মেলন ও কাউন্সিল স্থগিত করা হয়েছে। একপক্ষের অভিযোগ- বিয়ানীবাজারে 'পকেট কমিটি' প্রদান করা হয়েছে।

তবে অপর একটি সূত্র জানিয়েছে, ভোটার তালিকা সময়মতো প্রকাশ করতে না পারায় স্থগিত করা হয়েছে সম্মেলন ও কাউন্সিল।

আরও জানা গেছে, জেলা বিএনপির কাউন্সিলকে কেন্দ্র করে দলটির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমেদ মিলনকে প্রধান করে ৭ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তবে কাদের এবং কোন নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এ কমিটি গঠন করা হয়েছে তা এখনও বিস্তারিত জানা যায়নি।

 

সিলেটভিউ২৪ডটকম / ডালিম