সিলেট নগরীর দক্ষিণ সুরমার বিভিন্ন স্থানে ফুটপাত দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে ফাঁড়িপুলিশ। ফাঁড়ির ইনচার্জ এসআই সোহেল রানার নেতৃত্বে শনিবার দুপুরে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
পবিত্র মাহে রমজানকে সামনে রেখে যানজট নিরসনে কদমতলিসহ দক্ষিণ সুরমার বিভিন্ন অবৈধ স্থাপনা দখলমুক্ত করতে এ বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ।
অভিযান চলাকালে দক্ষিণ সুরমার কিনব্রিজের দক্ষিণ প্রান্তের ফুটপাত ও তার পাশে গড়ে উঠা অবৈধ ফলের দোকান, পুরাতন রেল স্টেশন, কেন্দ্রীয় বাস টার্মিনাল, মুক্তিযোদ্ধা চত্বর, হুমায়ুন রশিদ চত্বরসহ বিভিন্ন ফুটপাতে এবং রাস্তার উপর যত্রতত্র গড়ে তোলা দোকান ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
স্থানীয়রা জানান, এসব অবৈধ দোকানপাট বসানোর কারণে দক্ষিণ সুরমার গুরুত্বপূর্ণ পয়েন্ট কদমতলি মুক্তিযোদ্ধা চত্বর ও কেন্দ্রীয় বাস টার্মিনাল এবং কিনব্রিজের মুখে প্রতিদিন যানজট লেগে থাকে। যার কারণে পথচারীসহ যাত্রীসাধারণকে চরম দুর্ভোগ পোহাতে হয়।
এ ব্যাপারে দক্ষিণ সুরমা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সোহেল রানা সিলেটভিউ-কে বলেন, পবিত্র মাহে রমজান আসন্ন। পবিত্রতা রক্ষাসহ যানজট নিরসনের লক্ষ্যে এবং জনসাধারণের চলাচলের সুবিধার্থে দক্ষিণ সুরমা পুলিশফাঁড়ির উদ্যোগে ফুটপাত থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলছে। ২-১ দিনের মধ্যেই আমাদের দক্ষিণ সুরমা থেকে ফুটপাতের সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।
সিলেটভিউ২৪ডটকম / সুয়েব / ডালিম




