পরিবার পরিকল্পনা বিভাগ সিলেটের পরিচালক (যুগ্ম সচিব) মো. কুতুব উদ্দিন বলেছেন, ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রশিক্ষিত ইমামরা বাল্যবিবাহ, যৌতুক, সন্ত্রাস ও মাদকাসক্তি প্রতিরোধে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।
রোববার (২৭ মার্চ) সকালে ইমাম প্রশিক্ষণ একাডেমি সিলেটের উদ্যোগে পাঁচদিন ব্যাপি ৫৪২তম রিফ্রেসার্স কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
ইমাম প্রশিক্ষণ একাডেমি সিলেটের উপপরিচালক শাহ মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশন সিলেটের পরিচালক আবু ছিদ্দিকুর রহমান ও ইমাম প্রশিক্ষণ একাডেমি ঢাকার উপপরিচালক কৃষিবিদ মুহাম্মদ আনিসুজ্জামান। কৃষিবিদ মোহাম্মদ মোশারফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইমাম প্রশিক্ষণ একাডেমি সিলেটের ধর্মীয় প্রশিক্ষক জুবাইর আহমদ আল আযহারী।
সভাপতির বক্তব্যে ইমাম প্রশিক্ষণ একাডেমি সিলেটের উপপরিচালক শাহ নজরুল ইসলাম বলেন, ইমামদেরকে নিয়মিত ৪৫ দিনব্যাপি প্রশিক্ষণের পর পুনরায় ফলোআপ কর্মসূচির আওতায় রিফ্রেসার্স কোর্স প্রদান করা হয়। এ প্রশিক্ষণে দেশের আর্থসামাজিক উন্নয়নে ইমামদের প্রশিক্ষণলব্ধ জ্ঞানের মূল্যায়ন ও দক্ষতা বৃদ্ধির অনুশীলন করানো হয়।
অনুষ্ঠানে সিলেট বিভাগসহ ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ ও নরসিংদী মিলিয়ে সাতটি জেলার প্রশিক্ষণপ্রাপ্ত ইমামরা অংশ নেন।
সিলেটভিউ২৪ডটকম/আরএইচডি/পিডি




