সিলেটের বিশ্বনাথ সরকারি কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বৃহস্পতিবার (৩১ মার্চ) দুপুরে কলেজ ক্যাম্পাসে উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি পার্থ সারথী দাশ পাপ্পু ও কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম রুকন গ্রুপের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
ঘটনার খবর পেয়ে থানা পুলিশ কলেজে অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।
ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় রেদুয়ান হোসেন, মাহবুব আলম, আলীম উদ্দিন ও রেজাউল ইসলাম নামের ৪ ছাত্রলীগ কর্মী আহত হয়েছেন।
আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা গ্রহন করেন। এসময় রুকন গ্রুপের নেতাকর্মীরা পাপ্পুর মোটর সাইকেল ভাংচুর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৫ জনকে আটক করে। জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে কলেজ প্রাঙ্গনে ছাত্রলীগ আয়োজিত ‘বঙ্গবন্ধু ফুটসাল ফুটবল টুর্নামেন্ট’র ফাইনাল ম্যাচ ছিলো বৃহস্পতিবার (৩১ মার্চ)। এতে উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি পার্থ সারথী দাশ পাপ্পুকে দাওয়াত না দেয়ায় তার (পাপ্পু) অনুসারিদের সাথে রুকন গ্রুপের নেতাকর্মীদের কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। রুকন গ্রুপের ধাওয়া খেয়ে কলেজে শিক্ষকদের মিলনায়তনের বাথরুমে প্রবেশ করে আত্মরক্ষা করেন উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি পার্থ সারথী দাশ পাপ্পু।
এসময় উত্তেজিত ছাত্রলীগের নেতাকর্মীরা ধারালো অস্ত্র দিয়ে বাথরুমের দরজা ও পাপ্পুর মোটর সাইকেল ভাংচুর করে।
এব্যাপারে জানতে চাইলে পার্থ সারথী দাশ পাপ্পু বলেন, কলেজে গেলে সিরাজুল ইসলাম রুকনরা অতর্কিত হামলা চালিয়ে তার পক্ষের চারজনকে আহত করেছে।
কলেজের পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে বলে জানিয়েছেন বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান।
বিশ্বনাথ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মানিক বলেন, কলেজের পরিবেশ শান্ত রাখতে ও শিক্ষার পরিবেশ বজায় রাখতে ক্যাম্পাসে উশৃংঙ্খল পরিস্থিতি পরিহার করতে হবে। আর যারা এর সাথে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করতে হবে।
সিলেটভিউ২৪ডটকম/পিবিএ/এসডি-০১




