নর্থ ইস্ট নার্সিং কলেজের উপাধ্যক্ষ ও সিলেট নার্সিং কলেজের সাবেক অধ্যক্ষ নূরজাহান বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখা।

নূরজাহান বেগম শনিবার (২ এপ্রিল) সকাল ৮টা ২৭ মিনিটের সময় সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।


এক শোকবার্তায় বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সভাপতি শামীমা নাসরিন ও সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক বলেন, নূরজাহান বেগম ছিলেন বাংলাদেশের নার্সিং জগতের এক উজ্জ্বল নক্ষত্র। তিনি এই পেশায় স্বমহিমায় আমৃত্যু সেবা দিয়ে গেছেন। তার হাত ধরে অসংখ্য ব্যক্তি চিকিৎসাসেবার মহানব্রতে নিয়োজিত আছেন।

শোকবার্তায় সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক উল্লেখ করেন, ‘আমার নার্সিং পেশায় আসার পেছনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন নূরজাহান বেগম। তিনি সিলেট নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালনকালে সান্নিধ্য পেয়েছি। ওই সময় মাতৃস্নেহে শিক্ষাদান এবং আমাকে এই মহান পেশায় অগ্রসর হতে তিনি অনুপ্রেরণা দিয়েছেন। তার স্নেহমমতা না পেলে এই পেশায় এতদূর এগিয়ে আসা সম্ভব হতো না।’

নূরজাহান বেগমের প্রয়ানে বাংলাদেশের নার্সিং জগতে যে শূন্যতা সৃষ্টি হলো, তা কখনো পূরণ হওয়ার নয় বলেও শোকবার্তায় উল্লেখ করেন ইসরাইল আলী সাদেক। তিনি মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য নূরজাহান বেগম ক্লিনটন ফাউন্ডেশন বিশ্ববিদ্যালয় আমেরিকা হতে আজীবন মেয়াদি ডক্টরেট সম্মাননা (অ্যাডমিনিস্ট্রেটর এচিভমেন্ট অ্যাওয়ার্ড)-২০১৪ অর্জনের পাশাপাশি পাশাপাশি অনেক স্বল্পমেয়াদি প্রশিক্ষণের মাধ্যমে দেশ বিদেশ থেকে বিভিন্ন একাডেমিক ও ক্লিনিক্যাল সনদ অর্জন করেন। তিনি তার দক্ষতা ও অভিজ্ঞতা নার্সিং ক্ষেত্রে দিয়ে গেছেন।

তার স্বামী মরুহুম মোঃ জালাল উদ্দীন আইনজীবি ছিলেন। একমাত্র সন্তান ডাঃ শাহানূর ইসলাম জুয়েলের সাথেই তিনি সিলেট নগরীর ঘাসিটুলাস্থ তার নিজস্ব বাসভবনে থাকতেন।তিনি বিগত কিছুদিন যাবৎ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।

নূরজাহান বেগম বিএসসি ইন নার্সিং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ৭ম স্থান অধিকার করেন। পরবর্তীতে যুক্তরাজ্যের স্কটল্যান্ডের মার্গারেট বিশ্ববিদ্যালয় হতে স্নাতক (এডমিনিস্ট্রেশন ও মেনেজমেন্ট) ডিগ্রি লাভ করেন।

পেশাগত জীবনে তিনি সাবেক বিভাগীয় পরিচালক (নার্সিং), সাবেক সমন্বয়ক বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (১৯৯১-২০০৪), সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক বাংলাদেশ নার্সিং কাউন্সিল  (১৯৭৫-২০২১), সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মেডিসিন ও নার্সিং অনুষদ) এবং সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক পরীক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি