সিলেটের জকিগঞ্জে ৩ সন্তানের জননীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জকিগঞ্জ থানায় দুজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন ঐ গৃহবধু।

সোমবার বিকেল ৩টার দিকে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।


অভিযোগ সূত্রে জানা গেছে, জকিগঞ্জ পৌর এলাকায় প্রায় ৫ বছর থেকে বসবাসকারী সেনাপতিরচক গ্রামের ঐ গৃহবধুর স্বামী হারুন আহমদ প্রবাসে থাকে। স্বামীর চাচাতো ভাই সদর ইউপির সেনাপতিরচক গ্রামের মৃত ফয়জুর রহমানের ছেলে কামাল আহমদ (৩৮) ও স্বামীর বন্ধু হেলাল আহমদ (৪৫) প্রবাসী হারুনের পরিবারটি দেখাশোনা করে। সে সুবাদে প্রায় সময় বাসায় গিয়ে দেবর কামাল ও স্বামীর বন্ধু হেলাল অনৈতিক কথাবার্তা বলে গৃহবধুকে ধর্ষণের চেষ্টা চালায়। তাদের অনৈতিক প্রস্তাবে গৃহবধু রাজী না হওয়ায় পরিবারের খরচপাতি বন্ধ করে দিয়েছে তারা। এতে তিনটি শিশু-সন্তান নিয়ে গৃহবধু অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছেন। স্বামীর বন্ধুদের অনৈতিক প্রস্তাবের ঘটনাটি গৃহবধু তার ভাশুড় সেনাপতিরচক গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে জয়নাল আবেদীনকে জানালে তিনিও কোন প্রতিকার গ্রহণ না করে কামাল ও হেলালের যন্ত্রণা সহ্য করতে বলেন। এমনটা অভিযোগে উল্লেখ করা হয়।

উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা রওশন শ্যামলী এ প্রসঙ্গে জানান, ঐ গৃহবধু দীর্ঘদিন থেকে চরম কষ্টে রয়েছেন। তিনটি সন্তানের কথা বিবেচনা করে ঘটনাটি তিনি সমাধান করার লক্ষ্যে একাধিকবার বিচার বৈঠক করেছেন। কিন্তু শেষ পর্যন্ত সমাধান করতে না পেরে ছেড়ে দিয়েছেন। কষ্ট লাগে তিনটি সন্তান নিয়ে ঐ মহিলা অনাহারে দিন কাটাতে হচ্ছে। গৃহবধু আইনের আশ্রয় নিয়েছেন তাই এখন বিচার হবে।

জকিগঞ্জ থানার ওসি মো. মোশাররফ হোসেন জানিয়েছেন, গৃহবধুর লিখিত অভিযোগ পাবার পর থেকেই পুলিশ কাজ করে যাচ্ছে। পুলিশের তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

সিলেটভিউ২৪ডিটকম/এএইচটি/এসডি-১৭