রফিকুল ইসলাম রফু ও তাঁর সন্ত্রাসী বাহিনীর কাছে জিম্মি সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ২০ গ্রামের মানুষ।

এ ব্যাপারে মঙ্গলবার (৫ এপ্রিল) দুপুরে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের চৌধুরীপাড়া বাজারে প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।


চৌধুরীপাড়া গ্রামের মুরব্বি নাসির ভূঁইয়ার সভাপতিত্বে ও স্থানীয় ইউপি মেম্বার আল আমিনের পরিচালনায় প্রতিবাদ সভায় অংশগ্রহণ করেন ২০ গ্রামের হাজারো জনতা।

সভা পরবর্তী মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন উপজেলা যুবলীগের আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান জসীম আহমদ চৌধুরী রানা, সাবেক ইউপি সদস্য মহব্বত আলী, সুরুজ ভূঁইয়া ও নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস মিয়া, মাহমুদ আলী, তাইজুল ইসলাম, আব্দুল খালেক ও আব্দুর রশীদ, সমাজসেবি মানিক ভূঁইয়া, আব্দুল মন্নান ফকির, রুস্তম আলী প্রমুখ।

বক্তারা রফিকুল ইসলাম রফু ও তাঁর সন্ত্রাসী বাহিনীর লোকজনের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়ে বলেন, 'বাংলাবাজার ইউনিয়নের মৌলারপাড় গ্রামের রফিকুল ইসলাম রফু ও তাঁর সন্ত্রাসী বাহিনীর অত্যাচারে এলাকার মানুষ আজ অতিষ্ঠ। হত্যা, চাদাবাজিসহ বিভিন্ন মামলার আসামি চিহ্নিত মাদক ব্যবসায়ী রফুর বাড়ি ব্যস্ততম রাস্তার পাশে হওয়ায় এলাকার লোকজনকে রাস্তায় আটকিয়ে রেখে চাঁদাবাজি করে।

এদিকে মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় গত ৩১ মার্চ চৌধুরীপাড়া ও মৌলারপাড় এলাকার লোকজনকে রাস্তায় মারপিট করে আটকে রাখে। এসময় তাদেরকে উদ্ধার করতে দুই গ্রামবাসীর সংঘর্ষে ১৫ জন আহত হয়। এ ঘটনায় রফু ও তাঁর লোকজনের বিরুদ্ধে দায়েরকৃত মামলায় রফু ও তাঁর মেয়েকে পুলিশ গ্রেপ্তার করলেও তাঁর বাহিনীর লোকজন এলাকাবাসীকে প্রতিনিয়ত হুমকি দিচ্ছে। এতে এলাকাবাসী চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।'


সিলেটভিউ২৪ডটকম/টিআই/এসডি-১৪