সিলেটের গোয়াইনঘাট উপজেলায় বন্যা কবলিত এলাকা পরিদর্শন ও বন্যায় ক্ষতি গ্রস্থ কৃষকদের মাঝে ত্রান সহায়তা প্রদানের জন্য একদিনের সফরে গত ১২ এপ্রিল গোয়াইনঘাট উপজেলায় আগমন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি। মন্ত্রী মহোদয়ের সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক মোঃ মুজিবর রহমান, সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ ফজলুল হক, গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল ইসলাম, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নন্দীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস কামরুল হাসানসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিবৃন্দ। মঙ্গলবার সকাল সাড়ে ৯ টা থেকে নৌকা যোগে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি গোয়াইনঘাট উপজেলায় পাহাড়ি ঢলে নিমজ্জিত বিভিন্ন হাওর পরিদর্শন করেন এবং বিভিন্ন স্থানে ক্ষতি গ্রস্থ কৃষকদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করেন। এরই ধারাবাহিকতায় উপজেলার তোয়াকুল ইউনিয়নের লক্ষীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ত্রান সামগ্রী বিতরণের জন্য উপস্থিত হন। সকাল সাড়ে ১১ টায় সিলেটের জেলা প্রশাসক মোঃ মুজিবর রহমান, সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম ও গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমানকে সাথে নিয়ে লক্ষীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেনী কক্ষে প্রবেশ করেন মন্ত্রী ইমরান। মঙ্গলবার সকাল সাড়ে ১১ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ক্লাস নেন তিনি। প্রবাসী কল্যাণ মন্ত্রী শ্রেনী কক্ষে গেলে আওয়ামী লীগের নেতাকর্মী ও প্রশাসনের ব্যক্তিরা বিদ্যালয়টির সামনে ভিড় করেন।
এদিকে ক্লাস শেষে শিক্ষার্থীদের সঙ্গে কথা বললে তারা জানান, ‘মন্ত্রীর ক্লাস প্রাণবন্ত, উপভোগ্য ও অংশগ্রহণমূলক ছিল।’
অন্যদিকে ক্লাস শেষে বের হওয়ার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপির সঙ্গে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন লক্ষীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা কমিটির দায়িত্বশীলরা।
এই সময় সাংবাদিকরা মন্ত্রীর কাছে ক্লাস নেয়া সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘ক্লাস খুবই ভালো হয়েছে। আশা করছি শিক্ষার্থীরা এই ক্লাসের মাধ্যমে অনেক কিছু শিখতে পেরেছে।’
সিলেটভিউ২৪ডটকম/মতিন




