নিখোঁজ হওয়ার পর থেকেই জব্দ হয়ে আছে সিলেট-২ আসনের সাবেক এমপি বিএনপি নেতা এম ইলিয়াস আলীর ব্যাংক হিসাব। পরিবারের পক্ষ থেকে ইতোমধ্যে বেশ কয়েকবার ব্যাংকের সঙ্গে যোগাযোগ করা হলেও হিসাবটি চালু করা সম্ভব হয়নি।
পরিবার প্রধানের অ্যাকাউন্ট থেকে কোনো টাকাও তুলতে পারছেন না, খরচও করতে পারছেন না তারা। ফলে দীর্ঘ ১০ বছর ধরে বিপাকে রয়েছেন বিএনপির সাবেক এ সাংগঠনিক সম্পাদকের পরিবারের সদস্যরা।
রাজধানীর বনানী থেকে ২০১২ সালের ১৭ এপ্রিল মধ্যরাতে গাড়িচালক আনসার আলীসহ নিখোঁজ হন সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলী। সেই থেকে বিএনপির সাবেক এ সাংগঠনিক সম্পাদকের ব্যাংক হিসাব জব্দ হয়ে আছে। এ ব্যাপারে আদালতের নির্দেশ প্রয়োজন বলে উল্লেখ করেছে ব্যাংক।
তবে পরিবারের আশা, ইলিয়াস আলী ফিরে আসবেন এবং জব্দ হয়ে থাকা ব্যাংক হিসাব তিনি নিজেই চালু করবেন।
এ বিষয়ে জানতে চাইলে ইলিয়াস আলীর সহধর্মিণী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদির লুনা বলেন, ‘আমার স্বামীর নামে থাকা ব্যাংক হিসাব সেই (২০১২ সালের ১৭ এপ্রিল) থেকে জব্দ হয়ে আছে। একদিন হয়তো প্রিয় মানুষটি পরিবারের কাছে ফিরে আসবেন।’
জানা গেছে, গুম ব্যক্তিদের ব্যাংক থেকে টাকা-পয়সা তোলা, স্থাবর-অস্থাবর সম্পত্তির বণ্টনে সমস্যা থাকে। তবে আদালত বিশেষ বিবেচনায় পরিবারগুলোকে জমানো টাকার কিছু অংশ তোলার অনুমতি দিতে পারেন। তবে অনেক সময় পরিবারগুলো আশায় থাকে- গুম হওয়া স্বজন ফিরে আসবেন। তাই বেশিরভাগ পরিবার আদালতে যায় না। ইলিয়াস পরিবারও সেই আশাতেই আছে।
সিলেটভিউ২৪ডিটকম / বাংলাদেশ প্রতিদিন / ডালিম




