সুনামগঞ্জ কৃষি বিভাগের তথ্য অনুযায়ি সুনামগঞ্জে ১১ উপজেলার বিভিন্ন হাওরে বৃহস্পতিবার পর্যন্ত ইতোমধ্যে ৯৪ হাজার ২০০ হেক্টর ধান কর্তন করা হয়েছে যা মোট আবাদের ৫৭% বলে জানিয়েছেন কৃষি সম্প্রশাসরন অধিদপ্তরের উপ পরিচালক বিমল চন্দ্র সোম।
বোরো ধান কাটার বিষয়ে কৃষি বিভাগের এই তথ্যের সাথে ভিন্নমত প্রকাশ করেছে কৃষক সংগঠন ‘হাওর বাঁচাও আন্দোলন’। সংগঠনের নেতাদের দাবি হাওরে এখনো ৭০ ভাগ ধান কাঁচা অবস্থায় রয়েছে। অকাল বন্যায় একের পর এক হাওর ডুবিতে ক্ষয়ক্ষতির পরিমাণ কম দেখাতে ও ধান কাটার পার্সেন্টেজ বাড়াতে কৃষি বিভাগ ‘কলমে’ ধান কাটছে।
কৃষি বিভাগের দেয়া তথ্যের সাথে বাস্তবের কোন মিল নেই বলে জানিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিজন সেন রায়।
এদিকে জেলায় বাঁধ ভেঙ্গে ও বাঁধ উপচে ১৭ হাওরে ১০ হাজার হেক্টরের অধিক ধান তলিয়ে গেলেও কৃষি বিভাগ প্রকৃত তথ্য তুলে না ধরে ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে সরকারের কাছে উপস্থাপন করা হচ্ছে। যা কৃষকদের সাথে প্রতারণার সামিল বলে মনে করেন সংগঠনের এই নেতার।
সরেজমিনে খোঁজ নিয়ে দেখা যায়, সুনামগঞ্জের দেখার হাওর, করচার হাওর, খাই হাওর, বরাম হাওর, মাটিয়ান,শনিসহ একাধিক হাওরে ধান পুরোদমে পাকেনি। এখনো বিস্তীর্ণ সবুজ খেত। এসব হাওরে আগাম জাতের ধান কাটছেন কৃষকরা। পুরদমে ধান পাকতে আরও সপ্তাহের বেশি সময় লাগবে বলে জানিয়েছেন একাধিক কৃষক। তবে কিছু কিছু হাওরে অকাল বন্যার ভয়ে ক্ষেতের আদাপাকা ধান কাটতে দেখা গেছে অনেক কৃষককে।
দেখার হাওরের কৃষক গেদা মিয়া বলেন, আমি ৯ কেয়ার জমি করেছি। দুই কেয়ার ২৮ জাতেন ধান কাটছি। বাকি ৭ কেয়ার এখনো কাচা রইছে। এদিকে বাঁধের অবস্থা ভালো না। আল্লাহ জানেন বাকি ধান কাটতে পারবো কি না।
খাই হাওরের কৃষক মাহফুজ আহমদ বলেন, আমি ১৫ কেয়ার জমিতে উন্নত জাতের ধান রোপন করেছি। ধান কাটতে হলে আরও সপ্তাহের বেশি সময় লাগবে। বাঁধের অবস্থা ভালো না। রাতে ঘুমাতে পারি না।
হাওরের বোরো ধান কাটার বিষয়ে হাওর বাঁচাও আন্দোলনে কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিজন সেন রায় বলেন, এখনো হাওরের ধান কাঁচা অবস্থায় রয়েছে। কৃষকরা অকাল বন্যার ভয়ে আধাপাকা ধান কেটে নিয়ে যাচ্ছেন। হাওর ডুবির খবর শুনে বাহিরের জেলা থেকে শ্রমিকরা জেলায় আসছে না। শ্রমিক সংকটের কারনে কৃষকরা তাদের নূন্যতম পাকা ধান কাটতে পারছেন না। এখনো পর্যন্ত মাত্র ৩০ % ধান কাটা হয়েছে। কিন্তু এই ধানকে কৃষি বিভাগ খাতা কলমে বাড়িয়ে বলছেন। যা কখনোই কাম্য নয়।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক বিমল চন্দ্র সোম বলেন, হাওরে৷ নূন্যতম পাকা ধান কাটতে কাটতে কৃষকদের নির্দেশনা দেয়া হয়েছে। হাওরে প্রায় ৫০০ টি হারভেস্টার মেশিন ধান কর্তন করছে। এখন পর্যন্ত হাওরে ৯৪ হাজার ২০০ হেক্টর যা ৫৭ % ধান কাটা হয়েগেছে।
এছাড়াও নন হাওরে আর ৭ হাজার হেক্টর জমির ধান কাটা হয়েছে। প্রতিদিন এর হার বাড়তে থাকবে বলে জানান তিনি।
এবার সুনামগঞ্জে বোরো ধানের আবাদ হয়েছে ২ লাখ ২৩ হাজার হেক্টর। উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে চালের দিক দিয়ে ১৩ লাখ মেট্রিক টন।
সিলেটভিউ২৪ডটকম/এসএনএ/এসডি-৩১




