সিলেট সরকারি আলিয়া মাদরাসার অধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ মাহমুদুল হাসান বলেছেন, মসজিদ ভিত্তিক পাঠাগার প্রকল্প সরকারের দূরদর্শী চিন্তার মাইলফলক। আলোকিত সমাজ বিনির্মাণ এবং সুশিক্ষা, সুচিন্তা ও সুনাগরিক তৈরিতে এই পাঠাগার অনন্য ভূমিকা রাখবে।
মঙ্গলবার (২৬ এপ্রিল) ইমাম প্রশিক্ষণ একাডেমি সিলেটের উদ্যোগে সাত জেলার উপজেলা মডেল পাঠাগারের কেয়ারটেকারদের ৪দিন ব্যাপি বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
ইমাম প্রশিক্ষণ একাডেমি সিলেটের উপ পরিচালক শাহ মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন- সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার শাহরিয়ার আল মামুন, দৈনিক সিলেটের ডাকের নির্বাহী সম্পাদক আবদুল হামিদ মানিক ও ইসলামিক ফাউন্ডেশন সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক আবু ছিদ্দিকুর রহমান।
সৈয়দ ফখরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইমাম প্রশিক্ষণ একাডেমি সিলেটের সহকারী পরিচালক কৃষিবিদ মোহাম্মদ মোশারফ হোসেন।
বিশেষ অতিথির বক্তব্যে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার শাহরিয়ার আল মামুন বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবেলায় পৃথিবীর কোনো দেশ বাংলাদেশের মতো সফল হতে পারেনি। এক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করেছেন মসজিদের ইমামরা। তারা মসজিদের মিম্বর থেকে জঙ্গিবাদের বিরুদ্ধে উচ্চকন্ঠে জনগণকে সতর্ক করেছেন।
সভাপতির বক্তব্যে ইমাম প্রশিক্ষণ একাডেমি সিলেটের উপপরিচালক শাহ নজরুল ইসলাম বলেন, জ্ঞান ভিত্তিক আলোকিত সমাজ গঠনের লক্ষ্যে সরকার ২০২৪ সালের মধ্যে সারাদেশে পাঁচ হাজার মসজিদ পাঠাগার স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছে। এই পাঠাগারগুলো জ্ঞান বিতরণের পাশাপাশি আর্থসামজিক উন্নয়নে সহায়ক কেন্দ্র হিসেবে কাজ করবে।
তিনি বলেন, ইমামদেরকে সরকারের লোকাল ডেভেলপমেন্ট এজেন্ট হিসেবে গড়ে তুলতে হলে ট্রেনিংয়ের আওতায় আনতে হবে।
অনুষ্ঠানে সিলেট বিভাগ ছাড়াও ভ্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ ও নরসিংদী এই সাত জেলার উপজেলা মডেল পাঠাগারের কেয়ারটেকারদেরকে চারদিন ব্যাপি বুনিয়াদি প্রশিক্ষণ শেষে সনদপত্র তুলে দেন অতিথিরা।
অনুষ্ঠান শেষে মোনাজাত পরিচালনা করেন ইমাম প্রশিক্ষণ একাডেমি সিলেটের ধর্মীয় প্রশিক্ষক জুবাইর আহমদ আজহারী।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-৪৪




