দুই মাচের টেস্ট সিরিজ খেলতে আগামী মাসে বাংলাদেশ আসছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। এই সিরিজের প্রথম টেস্টের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যে দলে জায়গা হয়নি সিলেটের ছেলে আবু জায়েদ রাহীর। দল ঘোষণার দুদিন পর ডানহাতি এই পেসার সংবাদমাধ্য জানান, অজানা কারণে দলে তার জায়গা হয়নি।

এমন মন্তব্য করা যে উচিত হয়নি, পরদিনই সেটা বুঝতে পারছেন রাহী। জাতীয় দলের পেসারের এমন মন্তব্যে যারপরনাই হতাশ বিসিবি। যে কারণে শুনানিতে ডাকা হবে তাকে। এমনটাই জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাচক মিনাহজুল আবেদীন। বিষয়টি দেখভাল করার জন্য বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস নির্বাচক প্যানেলকে নির্দেশনা দিয়েছেন বলে জানান তিনি।


রাহির কাছ থেকে বিসিবি এমন মন্তব্য কখনই আশা করে না জানিয়ে প্রধান নির্বাচক বলেন, ‘সে জাতীয় দলের ক্রিকেটার। তার কাছ থেকে আরও দায়িত্বশীল মন্তব্য আশা করি আমরা সবাই। সে আমাদের প্রক্রিয়ার মধ্যে থাকা একজন ক্রিকেটার। তার এমন মন্তব্য হতাশাজনক। ঈদের পরে তাকে শুনানিতে ডাকা হবে। চানতে চাওয়া হবে তার মন্তব্যের কারণ।’

ফর্মের কারণে বাদ পড়তে হয়েছে বলে মনে করেন না বাংলাদেশের হয়ে ১৩টি টেস্ট, ২টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি খেলা রাহী। এর পেছনে কারণ আছে বলে মনে করেন তিনি। ডানহাতি এই পেসারের ধারণা, দলের কেউ একজন তাকে পছন্দ করেন না।

দলে ডাক না পেয়ে হতাশ হয়ে পড়া রাহী এক সাক্ষাৎকারে বলেন, ‘আমি আমার এই সামর্থ্য দিয়ে মিরপুরে শেষ দুই টেস্টে ১০ উইকেট নিয়েছিলাম। আমি মনে করি না, আমার পেস বোলিং এখানে কোনো ইস্যু। এখানে অন্য কিছু থাকতে পারে।’

‘আমার মনে হয় না কোচ, অধিনায়ক বা নির্বাচকদের কোনো সমস্যা। আমার মনে হয় দলের কেউ একজনের কাছে আমি পছন্দের নই, না হলে তো আর কিছু তো মনে হয় না। শহিদুলকেও নেওয়া হয়নি, তাহলে বুঝতাম যে আসলে হয়তো এখানে পেস বোলারের দরকার নাই। যাই হোক বোর্ড এখন নেয়নি, কিছু তো করার নাই’-যোগ করেন তিনি। এমন মন্তব্য করে এখন বিপাকে রাহী।

বাংলাদেশের হয়ে খেলা সর্বশেষ তিন টেস্টে (শ্রীলঙ্কার বিপক্ষে দুটি এবং পাকিস্তানের বিপক্ষে একটি) উইকেটশূন্য ছিলেন রাহী। এমন পারফরম্যান্সের পর পাকিস্তান সিরিজের প্রথম টেস্টের পর একাদশ থেকে বাদ পড়লেও নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা সফরে স্কোয়াডে ছিলেন তিনি। না খেললেও দলের সঙ্গে ছিলেন রাহী। কিন্তু ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সেই সুযোগও পাচ্ছেন না তিনি।


সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে