স্পেনের মাদ্রিদে প্রবাসী বাংলাদেশি পরিচালনাধীন দুটি মসজিদসহ মাদ্রিদে ৮ টি মসজিদে পবিত্র রমজানে মাসব্যাপী ইফতারের আয়োজন করা হয়। সবার জন্য উন্মুক্ত থাকে এই ইফতার। প্রতি বছরের মতো এ বছরও এই মসজিদ গুলোতে নিয়মিতভাবে ইফতারের আয়োজন করে হচ্ছে। মসজিদ কমিটির পাশাপাশি বিভিন্ন আঞ্চলিক সমিতি ও ব্যবসায়ীসহ ব্যক্তিগতভাবেও অনেক প্রবাসী ইফতারির ব্যবস্থা করেন।
শনিবার (৩০এপ্রিল) স্পেনস্থ বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে বাংলাদেশি পরিচালিত দুটি মসজিদে একসঙ্গে প্রায় সহাস্রাধিক রোজাদারকে ইফতার করানো হয়েছে।
বাংলাদেশি পরিচালিত বায়তুল মোকাররম মসজিদ ও আল হুদা মসজিদে এই ইফতারের আয়োজন করা হয়। স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ বাংলাদেশি পরিচালিত সব চেয়ে বড় বায়তুল মোকাররম বাংলাদেশ মসজিদ উপস্থিত হয়ে ইফতার মাহফিলে আগত অতিথিদের অভ্যর্থনা জানান।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- মিশন উপপ্রধান এটিএম আব্দুর রউফ মন্ডল, কমার্শিয়াল কাউন্সেলর রেদোয়ান আহমেদ, দূতাবাসের কউন্সিলর দীন মোহাম্মদ ইনামুল হক, বায়তুল মোকাররম মসজিদ মসজিদ কমিটির সভাপতি খুরশেদ আলম মজুমদার, বাংলাদেশ এসোসিয়েশন ইন স্পেনের সভাপতি আল মামুন, ভালিয়েন্তে বাংলার সভাপতি মো. ফজলে এলাহী, কমিউনিটি নেতা নূর হোসেন পাটোয়ারী, আওয়ামী লীগ নেতা জাহিদুর রহমান দিদার এবং দূতাবাসের কর্মকর্তা কর্মচারীসহ বিভিন্ন দল ও সংগঠনের নেতা-কর্মীরা এ ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।
উপস্থিত রোজাদারদের উদ্দেশে সংকিপ্ত বক্তব্যে রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ বলেন, দূতাবাসের পক্ষ থেকে এ আমরা এবছর প্রথম এই ইফতারের আয়োজন করেছি। মূলত সকলের সঙ্গে ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সমুন্নত রাখতেই আমাদের এ আয়োজন। ইনশাল্লাহ আগামীতে ও ধারা অব্যাহত থাকবে। তিনি পবিত্র রমজানের শিক্ষায় সবাইকে উদ্বুদ্ধ হয়ে প্রবাসে দেশের সুনাম অক্ষুণ্ন রেখে মিলেমিশে কাজ করার আহ্বান জানান।
ইফতারের আগে রমজানের ফজিলত সম্পর্কে আলোচনা এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সুখ-শান্তি, সুনাম ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন বায়তুল মোকাররম মসজিদ মসজিদ কমিটির সভাপতি খুরশেদ আলম মজুমদার।
সিলেটভিউ২৪ডটকম/কেএএম/এসডি-০৯




